মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

শব্দের অলিগলি : আমাদের প্রিয় 'টিফিন' 🍱

প্রতিদিন স্কুল, কলেজ বা অফিসে আমরা অধীর আগ্রহে যার অপেক্ষা করি, তা হলো— 'টিফিন'। অথচ আমাদের এই অত্যন্ত প্রিয় আর ঘরোয়া শব্দটি কিন্তু বাংলা শব্দ নয়, এমন কি ভারতীয় কোনো শব্দও নয়? কোথা থেকে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে শব্দটি ঢুকে পড়লো সে ইতিহাস কিন্তু বেশ মজার।

'Tiffin history by Pintu Sir'
শব্দের অলিগলি: আমাদের প্রিয় টিফিন।

● গল্পটি হলো :

'টিফিন' শব্দটি এসেছে ইংরেজি 'Tiffin' থেকে। মজার ব্যাপার হলো, আঠারো শতকের দিকে ব্রিটিশ ইংরেজিতে 'Tiffing' (টিফিং) মানে ছিল— দুপুর বেলা হালকা কিছু পান করা (বিশেষ করে পানীয়)। কিন্তু, ভারতীয়রা (বিশেষ করে বাঙালিরা) কৃষিপ্রধান জাতি হওয়ার কারণে দুপুরবেলা ভারী খাবার (যেমন— ভাত, ডাল, মাছ বা তরকারি) খেতে পছন্দ করে। ফলে খাবারের ধরন যাই হোক, ব্রিটিশদের অফিস-আদালতের নিয়মে দুপুরের সেই নির্দিষ্ট বিরতি বা টিফিনের সময়ের সাথে তাল মেলাতে গিয়ে আমাদের চিরাচরিত ভারী দুপুরের আহারের নামটিও 'টিফিন'-এ রূপান্তরিত হয়ে গেল।

আজ আমরা যে টিফিন ক্যারিয়ার বা টিফিন বক্স ব্যবহার করি, তার নামটিও এই ইতিহাস থেকেই এসেছে। আমাদের প্রতিদিনের  চেনা অনেক শব্দের ভেতরেই এমন সব মজার ইতিহাস লুকিয়ে আছে!

● টিফিন বক্স (ডাব্বা) - মুম্বাইয়ের বিশ্ববিখ্যাত 'ডাব্বাওয়ালা'

​টিফিন, টিফিন বক্স - যখন আসলো তখন 'ডাব্বা' আর মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের (Dabbawala) কথা আসবে না, তা কি হয়? টিফিন শব্দটির সঙ্গে যে পাত্রটি জড়িয়ে আছে, তাকে আমরা চলতি কথায় বলি 'ডাব্বা'। এটি মূলত একটি হিন্দি শব্দ, যার অর্থ হলো খাবার রাখার কৌটা। এই ডাব্বা বা খাবার রাখার কৌটাকে কেন্দ্র করেই মুম্বাইয়ে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম নিখুঁত লজিস্টিক ব্যবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য ঘরে তৈরি গরম খাবার তাদের কর্মস্থলে পৌঁছে যায়। আর যারা পৌঁছে দেন তারা হলেন 'ডাব্বাওয়ালা'। এটি আজ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের গবেষণার বিষয়।

​● হারিয়ে যাওয়া - স্থানান্তরে স্থান :

​জানলে অবাক হবেন, যে 'টিফিন' শব্দ ছাড়া আমাদের একদিনও চলে না, সেই শব্দটি কিন্তু বর্তমান ইংল্যান্ড বা আমেরিকার মানুষ খুব একটা ব্যবহার করে না। অক্সফোর্ড বা কেমব্রিজ ডিকশনারিতে 'Tiffin' শব্দটির পাশে পরিষ্কারভাবে লেখা থাকে 'Indian English'. অর্থাৎ, যারা শব্দটি (ভারতে এসে) তৈরি করলো তারাই একে বর্জন করে দিয়েছে। তারা একে 'লাঞ্চ' বা 'স্ন্যাকস' বলতেই বেশি পছন্দ করে। 

● সবশেষে :

যে শব্দটি একসময় ছিল হালকা পানীয় পানের বিরতি, আজ তা আমাদের পেট ও মনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আশ্চর্যের বিষয় হলো, যে ব্রিটিশরা আমাদের এই শব্দ শিখিয়েছিল, আজ তাদের দেশে এই শব্দটি প্রায় বিলুপ্ত! অথচ আমাদের বাঙালির প্রতিদিনের আড্ডায়, স্কুল-কলেজের বারান্দায় আর অফিসের ডেস্কে 'টিফিন' শব্দটি খুবই জনপ্রিয় এবং আজও সগৌরবে টিকে আছে।

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শুদ্ধ বাংলা সহজে জানুন : ১০টি প্রশ্নের একটি মজার কুইজ (পর্ব-১)

বাংলা বানান চর্চার অনলাইন কুইজ : পিন্টু স্যারের সহজ বাংলা (পর্ব-১)

প্রিয় পাঠক ও ভাষাপ্রেমী অনুরাগী,

আমি পিন্টু  স্যার। আমার ব্লগ 'পিন্টু স্যারের সহজ বাংলা'-তে সকলকে স্বাগত জানাই।

​আমাদের মাতৃভাষা বাংলা খুবই সমৃদ্ধ এবং সুন্দর। কিন্তু বর্তমানে দ্রুত লিখতে, টাইপ করতে বা অসতর্কতার কারণে আমরা অনেক সময় সাধারণ কিছু বানানে ভুল করে ফেলি। একজন শিক্ষক হিসেবে আমার লক্ষ্য হলো, সহজে খেলার ছলে বাংলার শুদ্ধ রূপটি জেনে নেওয়া ও আলোচনা করা।

​আজ এমন ১০টি বিশেষ প্রশ্নের একটি কুইজ সাজিয়েছি যেগুলো আমাদের প্রতিদিনের লেখালেখিতে ব্যবহৃত হয়। দেখুন তো, আপনি কত স্কোর করতে পারছেন!

​👉 কুইজটি শুরু করতে নিচের লিঙ্কে ক্লিক করুন: https://forms.gle/6NidFdy7qgLLLto36




শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

চন্দ্রবিন্দু : নামের রহস্য ও বিন্দু থেকে চাঁদ হয়ে ওঠার ইতিহাস

বাংলা বর্ণমালায় 'চন্দ্রবিন্দু' (ঁ) একটি অতি ক্ষুদ্র চিহ্ন হলেও এর গুরুত্ব অপরিসীম। এই ছোট্ট চিহ্নটি শব্দের উচ্চারণ ও অর্থ—উভয়কেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এর নাম 'চন্দ্রবিন্দু' কেন হলো? অথবা এর আবির্ভাবই বা হলো কীভাবে?

​নিচে সহজভাবে বিষয়গুলো আলোচনা করা হলো :

১. নামকরণ : আকৃতিগত কারণ (The Visual Aspect)

​চন্দ্রবিন্দু নামটির পেছনে খুব স্পষ্ট একটি দৃশ্যমান কারন রয়েছে। চিহ্নটির দিকে তাকালেই এর দুটি অংশ স্পষ্ট দেখা যায় :

চন্দ্র : নিচে একটি বাঁকানো রেখা আছে যা দেখতে ঠিক দ্বিতীয়ার বাঁকা চাঁদের মতো।

বিন্দু : সেই বাঁকা রেখা বা চাঁদের ঠিক মাঝখানে একটি ফোঁটা বা বিন্দু আছে।

এই চাঁদ আর বিন্দু মিলেই এর নাম হয়েছে 'চন্দ্রবিন্দু'। সংস্কৃতে একে বলা হয় 'অনুনাসিক' চিহ্ন।  

চন্দ্রবিন্দু চিহ্নের গঠন ও ভাষাতাত্ত্বিক বিবর্তন
চন্দ্র ও বিন্দুর সমন্বয়ে তৈরি আমাদের প্রিয় চন্দ্রবিন্দু।

২. আবির্ভাবের ইতিহাস (History of origin) : বিন্দু থেকে চন্দ্রবিন্দু

​চন্দ্রবিন্দুর জন্ম ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়। প্রাচীনকালে এবং সংস্কৃতে নাসিক্য ধ্বনি (নাক দিয়ে উচ্চারিত শব্দ) বোঝাতে আলাদা কোনো চন্দ্রবিন্দু ছিল না।

আদি পর্যায় : প্রাচীন লিপিগুলোতে সব ধরণের নাসিক্য উচ্চারণ বোঝাতে মাত্রার উপরে কেবল একটি 'বিন্দু' (·) ব্যবহার করা হতো। একে বলা হতো 'অনুস্বার'।

বিভাজন : ধীরে ধীরে লিপিকর ও ভাষাবিদগণ লক্ষ্য করলেন, নাসিক্য উচ্চারণ দুই ধরণের হয়—একটি তীব্র (যেমন: অংক, অংশ) এবং অন্যটি অত্যন্ত হালকা বা কোমল (যেমন: চাঁদ, দাঁত)।

বিবর্তন : এই দুই ধরণের উচ্চারণের পার্থক্য স্পষ্ট করার জন্য আদি 'বিন্দু' চিহ্নটি দুটি ভাগে ভাগ হয়ে গেল:

​● তীব্র উচ্চারণের জন্য তৈরি হলো বর্তমানের অনুস্বার (ং)।

​● কোমল বা স্বরবর্ণের সাথে মিশে থাকা অনুনাসিক উচ্চারণের জন্য বিন্দুর নিচে একটি অর্ধচন্দ্র যোগ করে তৈরি হলো চন্দ্রবিন্দু (ঁ)।

৩. ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ (Linguistic Analysis)

​ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে চন্দ্রবিন্দু হলো 'অনুনাসিকতা' (Nasalization)-এর প্রতীক। এর আবির্ভাবের পেছনে প্রধান কারণ ছিল নাসিক্য ব্যঞ্জনের (ঙ, ঞ, ণ, ন, ম) বিলুপ্তি।

বিবর্তনের ধারায় যখন শব্দ থেকে নাসিক্য ব্যঞ্জনধ্বনিটি হারিয়ে যায়, তখন তার রেশটুকু আগের স্বরবর্ণের ওপর থেকে যায়। যেমন:

​সংস্কৃত 'দন্ত' - প্রাকৃত 'দত্ত' - বাংলা 'দাঁত'।

এখানে 'ন' ধ্বনিটি লোপ পেয়ে 'দ'-এর ওপর একটি হালকা নাসিক্য টান তৈরি করেছে, যা বোঝাতেই এই বিশেষ চিহ্নের জন্ম।

৪. কেন এটি অনন্য?

​চন্দ্রবিন্দু বাংলা ভাষার এমন এক অলঙ্কার যা -

● অর্থের পার্থক্য করে : 'কাদা' (মাটি) আর 'কাঁদা' (অশ্রুপাত)—এই দুয়ের পার্থক্য গড়ে দেয়।

​● সম্মান প্রদর্শন করে : সাধারণ সর্বনামকে (যেমন: তাকে) সম্মানীয় ব্যক্তিতে (যেমন: তাঁকে) রূপান্তরিত করে।

শেষকথা :

সহজ কথায়, চন্দ্রবিন্দু হলো প্রাচীন 'বিন্দু' বা অনুস্বারের একটি বিবর্তিত ও পরিশীলিত রূপ। এর 'চন্দ্র' অংশটি যেমন এর গঠনকে তুলে ধরে, তেমনি 'বিন্দু' অংশটি এর আদি পরিচয়কে ধরে রেখেছে।

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

আপনি আপনার স্ত্রীকে 'শ্রীমতী' বলতে পারেন না!

অনেকেই হয়তো শিরোনামটি দেখে অবাক হচ্ছেন। গুগলে খুঁজলেও হয়তো দেখবেন লেখা আছে—নিজের স্ত্রীকে 'শ্রীমতী' বলা যায়। কিন্তু ভাষার শুচিতা ও সম্পর্কের আন্তরিকতার নিরিখে এটি একটি প্রচলিত ভুল। 

● কেন নিজের স্ত্রীর নামের আগে 'শ্রীমতী' ব্যবহার করবেন না? কিছু অকাট্য যুক্তি :

১. আত্ম-প্রশংসার শামিল : নিজের নামের আগে যেমন কেউ 'শ্রী' বা 'শ্রীযুক্ত' বসান না, তেমনি নিজের অর্ধাঙ্গিনী বা জীবনসঙ্গিনীর নামের আগে গুণবাচক বিশেষণ (শ্রীমতী) বসানোও একধরণের নিজেরই প্রশংসা করার শামিল। মার্জিত সমাজে এটি শিষ্টাচার বিরুদ্ধ।

২. আন্তরিকতা বনাম কৃত্রিমতা : স্বামী-স্ত্রীর সম্পর্ক হৃদয়ের। সেখানে 'শ্রীমতী'র মতো একটি ভারী ও পুঁথিগত বিশেষণ ব্যবহার করলে সম্পর্কের সেই স্বাভাবিক মাধুর্য নষ্ট হয়ে যায় এবং একধরণের অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বা দূরত্ব তৈরি হয়।

৩. আভিজাত্য খর্ব : একজন উচ্চশিক্ষিত ও মার্জিত মানুষ কখনোই তাঁর পরিবারের অতি কাছের সদস্যদের পরিচয় দেওয়ার সময় বিশেষণ দিয়ে তাঁদের ভারাক্রান্ত করবেন না। অন্যের স্ত্রীকে 'শ্রীমতী' বলাটা আদর্শ এবং সম্মানজনক। তবে নিজের ক্ষেত্রে "ইনি আমার স্ত্রী" বা "ইনি আমার স্বামী" বলার মধ্যে আভিজাত্যের বদলে একধরণের লোকদেখানো ভাব প্রকাশ পাওয়ার ভয় থাকে।

স্ত্রী বনাম শ্রীমতী : ব্যাকরণগত ভুল ও শুদ্ধ শিষ্টাচার।

শেষকথা :

স্বামী হোক বা স্ত্রী — সম্মান হৃদয়ে থাকুক, শব্দের আড়ম্বরে নয়। তাই নিজের পরিবারের অতি কাছের মানুষদের পরিচয় দেওয়ার সময় নামের আগে কোনো গুণবাচক বিশেষণ (শ্রী, শ্রীমতী, শ্রীযুক্ত) ব্যবহার না করাই হলো সঠিক ও মার্জিত মানুষের পরিচয়।

সোমবার, ১৬ মার্চ, ২০২৬

​'নীচ' নাকি 'নিচ'? আমরা কি ভুল বানান লিখছি?

আমরা ছাত্রাবস্থায় পরীক্ষার প্রশ্নপত্রে সবসময় দেখে এসেছি— "নীচের প্রশ্নগুলির উত্তর দাও"। আবার কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে বলি— "বইটি/লোকটি নীচে আছে"। কিন্তু বর্তমান সময়ের আধুনিক প্রমিত বাংলা বানানের নিয়ম বলছে - এসব ক্ষেত্রে হ্রস্ব-ই-কার দিয়ে 'নিচে'লেখা উচিত।

    ১. নীচ (দীর্ঘ-ঈ দিয়ে) - এটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ। এটি মূলত মানুষের চরিত্র বা স্বভাব বোঝাতে ব্যবহৃত হয়।

অর্থ : হীন, অধম, নিকৃষ্ট বা ছোটলোক।

উদাহরণ :  সে অত্যন্ত নীচ প্রকৃতির মানুষ।

২. নিচ (হ্রস্ব-ই দিয়ে) - এটি তদ্ভব (সংস্কৃত থেকে আগত) শব্দ। মূলত অবস্থান বা দিক বোঝাতে ব্যবহৃত হয়। বাংলা একাডেমি এবং আধুনিক ব্যাকরণবীদদের মতে 

অর্থ : নিচে অবস্থিত, নিচু স্থান বা তলা।

উদাহরণ :  বইটি টেবিলের নিচে রাখো। বা, নিচে দেখুন।    

নীচ ও নিচ - বানান ভেদে সঠিক প্রয়োগ ও মনে রাখার সহজ উপায় - পিন্টু স্যারের সহজ বাংলা ব্লগ।
নীচ ও নিচ - কোথায় কোনটি?

সারকথা : নীচ, বা নিচ - কোনোটাই ভুল নয়। তবে প্রয়োগ ক্ষেত্র ভিন্ন। স্বভাব বা চরিত্র বোঝাতে - নীচ, (ঈ-কার দিয়ে) আর অবস্থান বা দিক বোঝাতে - নিচ বা নিচে (ই-কার দিয়ে) ব্যবহার সঠিক।

শেষকথা : ভাষার এই বিবর্তন মূলত আমাদের ভাব প্রকাশের সুবিধার্থেই। প্রমিত নিয়মে নীচ এবং নিচ এর পার্থক্য বজায় রাখলে আমাদের ভাষা আরো নিখুঁত ও অর্থবহ হবে। একজন সচেতন পাঠক এবং লেখক হিসেবে এই সূক্ষ্ম পার্থক্য গুলো আমাদের মেনে চলা উচিত।

●●● এবার দেখুন তো নিচের শূন্য স্থান দুটো পূরণ করতে পারেন কি না?

● নিজের মনকে এতটাই ....১... করবেন না যাতে সকলের সামনে মাথা ...২... করে চলতে হয়। (কমেন্ট করে উত্তর জানান)

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

​'লেখ' নাকি 'লেখো'? প্রশ্নপত্রের সেই চিরচেনা ভুল!

"নিচের প্রশ্ন গুলোর উত্তর লেখ।" — বছরের পর বছর ধরে আমরা প্রশ্নপত্রে এই বাক্যটি দেখি এবং নিজেরাও অবলীলায় ব্যবহার করে আসছি। কিন্তু কখনো কি ভেবে দেখি, এই 'লেখ' শব্দটির বানান আধুনিক প্রমিত নিয়ম অনুযায়ী কতটুকু সঠিক?

   প্রমিত বাংলা বানান ও-কার ব্যবহারের নিয়ম।
পরীক্ষার প্রশ্নপত্রে 'লেখ' নাকি 'লেখো'? - বানানের 
এই গোলকধাঁধায় ছাত্রটির মতো আপনিও কি চিন্তিত?

আমরা ক্লাসে ছাত্রদের বলি 'লেখো', কিন্তু পরীক্ষার পাতায় লিখে দিই 'লেখ'। এই যে দ্বিধা—কখন ও-কার দেবো আর কখন দেবো না—এটিই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কেবল 'লেখো' নয়, আমাদের প্রতিদিনের জীবনে 'করো', 'বলো' বা 'হলো'র মতো শব্দগুলো নিয়ে যে বিভ্রান্তি আছে, আজ তা সহজভাবে দূর করা যাক।

১. কেন এই পরিবর্তন ('ও-কার'-এর প্রয়োজন)?

রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের যুগে বানানের নিয়ম আজকের মতো ছিল না। তখন অনুজ্ঞাবাচক ক্রিয়াপদেও 'ও-কার' ছাড়াই লেখা হতো। কিন্তু বাংলা বানানের আধুনিক নিয়মে উচ্চারণের স্পষ্টতা বজায় রাখার জন্য শব্দের শেষে ও-কার ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদে (কাউকে কিছু করতে বলা) ও-কার দিলে অর্থের বিভ্রান্তি দূর হয়।

এর ফলে বিশেষ্য (Noun) এবং ক্রিয়াপদ (Verb)-এর মধ্যে যথার্থ পার্থক্য সূচিত করা সম্ভব হয়। যেমন:

  • বল (শক্তি) — বলো (কথা বলা)
  • কর (হাত) — করো (কাজ করা)
  • লেখ (চিত্র) — লেখো (লেখা)

​২. আধুনিক প্রমিত নিয়মের সহজ ছক

মূল শব্দ ও-কারান্ত আধুনিক রূপ উদাহরণ বাক্য
বল বলো তুমি সত্যি কথা বলো।
কর করো মন দিয়ে কাজটা করো।
হল হলো অবশেষে প্রতীক্ষার অবসান হলো।
গেল গেলো সময়মতো সে স্কুলে গেলো।
লেখ লেখো খাতায় পরিষ্কার করে লেখো।

৩. কিছু ব্যতিক্রম ও সতর্কবার্তা:
​সবক্ষেত্রে ও-কার ব্যবহারের প্রয়োজন নেই। নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি:
অব্যয় পদে ও-কার নয়: 'কেন', 'যেন', 'হেন'—এই শব্দগুলো যেহেতু অব্যয়, তাই এগুলোতে ও-কার ব্যবহার করার প্রয়োজন নেই।
বিশেষ্য বা বিশেষণে ভিন্নতা: অনেক সময় ও-কার ব্যবহারের ফলে শব্দের অর্থ বদলে যেতে পারে। তাই প্রসঙ্গের দিকে নজর রাখা উচিত।
শেষকথা :
 প্রমিত বানানের এই নিয়মগুলো অনুসরণ করলে আমাদের লেখা যেমন নির্ভুল, সুশৃঙ্খল হয়, তেমনি তা আধুনিক বাংলাভাষার মানও রক্ষা করে। তাই আগামীতে বিভিন্ন প্রশ্নপত্র সহ যেকোনো লেখায় মধ্যম পুরুষের অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ হিসেবে আর 'লেখ' নয় 'লেখো' ব্যবহার করবো। শিক্ষার্থীরাও তাহলে সঠিক বানান জানতে ও শিখতে পারবে।

আপনার মতামত জানান:
আপনি আপনার প্রশ্নপত্রে কোনটি ব্যবহার করেন? এমন আরো বানান আছে কি যেগুলো আমাদের দ্বিধায় ফেলে। আপনি জানান। আমরা আলোচনার মাধ্যমে সঠিকটা খুঁজে নেবো। এই পরিবর্তন গুলোই আমাদের ভাষার শ্রী বৃদ্ধি করবে।

বুধবার, ১১ মার্চ, ২০২৬

'কেন' নাকি 'কেনো'? সঠিক বানান এবং ব্যবহার জেনে নিন।

বাংলা ভাষায় আমরা প্রায়ই 'কেন' এবং 'কেনো'—এই দুটি শব্দের ব্যবহার নিয়ে বিভ্রান্তিতে পড়ি। উচ্চারণে খুব সামান্য পার্থক্য থাকলেও ব্যাকরণগত দিক থেকে এদের কাজ সম্পূর্ণ আলাদা। চলুন সহজভাবে বিষয়টি আলোচনা করা যাক।          

প্রমিত নিয়ম ও বানান
​বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, প্রশ্নবাচক অব্যয় হিসেবে শব্দের শেষে অপ্রয়োজনীয় ও-কার বর্জন করা হয়। সেই হিসেবে 'কেনো' না লিখে 'কেন' (প্রশ্নবাচক অব্যয়) লেখাই প্রমিত নিয়ম। মানে প্রশ্ন করতে এই 'কেন' র ব্যবহার হয়।
আর ক্রিয়াপদ হিসেবে শব্দটি হবে 'কেনো'। মানে 'তুমি' সম্বোধন করে কাউকে কিছু ক্রয় করার নির্দেশ দিতে এটি ব্যবহার হবে।

​● 'কেন' বনাম 'কেনো': একনজরে পার্থক্য
শব্দ ইংরেজি অর্থ পদের পরিচয় ব্যবহার ও উদাহরণ
কেন (kĕno) Why অব্যয় কারণ বা উদ্দেশ্য জানতে ব্যবহৃত হয়। যেমন: "তুমি আজ দেরি করলে কেন?"
কেনো (kēno) Buy ক্রিয়াপদ কিছু কেনার নির্দেশ বা অনুরোধ (অনুজ্ঞা) বোঝায়। যেমন: "বাজার থেকে মাছ কেনো।"
● সহজ কথায় মনে রাখার নিয়ম:
​অনেকেই প্রশ্ন করার সময় ভুল করে ও-কার দিয়ে 'কেনো' লিখে ফেলেন। কিন্তু মনে রাখবেন:
যখন কোনো কারণ জানতে চাইবেন (যেমন: তুমি যাচ্ছ কেন?), তখন ও-কার ছাড়া 'কেন' লিখবেন
​আর যখন কিছু ক্রয় করা বা কেনাকাটা করার কথা বলবেন (যেমন: শার্টটি কেনো), তখন ও-কার দিয়ে 'কেনো' লিখবেন।

শেষকথা :
শুদ্ধ বানান আমাদের ভাষা ব্যবহারের সচেতনতাকে ফুটিয়ে তোলে। দৈনন্দিন জীবনে বিশেষ করে লেখালেখির সময় এই ছোট ছোট পার্থক্যের দিকে নজর দিলে ভুল কম হবে, এবং অন্যরাও সঠিক বানান এবং প্রয়োগ জানতে পারবে। লেখার বিভ্রান্তি অনেক কমে যাবে। আশা করি, আজকের পর থেকে 'কেন' এবং 'কেনো'-র ব্যবহার নিয়ে আর কোনো সংশয় থাকবে না।

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 দৈনন্দিন জীবনে আমরা সবচেয়ে বেশি যে শব্দটি ব্যবহার করি, তা হলো 'ধন্যবাদ'। কিন্তু কেবল অভ্যাসবশত ধন্যবাদ বলা আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার মধ্যে পার্থক্য আছে। সঠিক সময়ে একটি ছোট 'ধন্যবাদ' একজনের ব্যক্তিত্বকে অনেক বেশি উজ্জ্বল করে তুলতে পারে। চলুন জেনে নিই কখন এবং কেন ধন্যবাদ জানানো জরুরি।


ক. সরাসরি উপকারের ক্ষেত্রে

​কেউ কোনো ছোট কাজ করে দিলে (যেমন—রাস্তায় ঠিকানা বলে দিলে বা কোনো জিনিস এগিয়ে দিলে) তৎক্ষণাৎ 'ধন্যবাদ' বলা উচিত। এটি একজনের ভদ্রতা ও সচেতনতার পরিচয়।

খ. প্রচেষ্টার মর্যাদা দিতে

​ফলাফল যাই হোক, কেউ কারো জন্য কষ্ট বা চেষ্টা করলে তাঁকে ধন্যবাদ দেওয়া দরকার। যেমন— কেউ কাউকে একটি উপহার দিল যা হয়তো খুব একটা কাজে লাগবে না, তবুও তাঁর 'ইচ্ছে' বা 'চেষ্টা'র জন্য তাঁকে ধন্যবাদ জানানো উচিত।

. প্রশংসা বা স্বীকৃতির উত্তরে

​যদি কোনো একজন অন্যের কাজ বা গুণের প্রশংসা করেন, তখন বিনয়ের সাথে তাঁকে 'ধন্যবাদ' দেওয়া একটি মার্জিত ভঙ্গি। এটি অহংকার নয়, বরং স্বীকৃতির প্রতি সম্মান প্রদর্শন।

. সময় বা মনোযোগের বিনিময়ে

​ব্যক্তিগত আলাপচারিতা হোক বা কোনো আনুষ্ঠানিক আলোচনা (যেমন—চাকরির ইন্টারভিউ বা কোনো মিটিং)—কেউ তাঁর মূল্যবান সময় দিলে আলোচনা শেষে তাঁকে ধন্যবাদ জানানো অত্যন্ত জরুরি। এটি সামনের মানুষটির সময়ের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ করে।

. ভুল সংশোধনের ক্ষেত্রে

​কেউ যদি কারো কোনো ভুল ধরিয়ে দেন বা গঠনমূলক সমালোচনা করেন, তবে রেগে না গিয়ে তাঁকে ধন্যবাদ জানানো দরকার। কারণ তিনি ভুল ধরানোর মাধ্যমে ধন্যবাদদাতাকে উন্নত করার সুযোগ করে দিয়েছেন।

​ শেষকথা:

​'ধন্যবাদ' কেবল একটি যান্ত্রিক শব্দ নয়, এটি একটি সামাজিক সেতুবন্ধন। কৃতজ্ঞতা প্রকাশের এই ছোট অভ্যাসটি চারপাশের পরিবেশকে অনেক বেশি মনোরম ও ইতিবাচক করে তোলে।

 এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান।

সোমবার, ৯ মার্চ, ২০২৬

গরু নাকি গোরু—কোন বানানটি সঠিক?

চিরচেনা একটি  শব্দ হলো 'গরু'। তবে ইদানীং বিভিন্ন পাঠ্যপুস্তক ও অভিধানে 'গোরু' বানানটি দেখতে পাচ্ছি। তখন সংশয় জাগছে- 'গরু' লিখব, না 'গোরু'? সহজ আলোচনায় এই সংশয় দূর করা যাক।


 গরু, না গোরু! সঠিক বানান জানুন।

১. মূল শব্দের উৎস (ব্যাকরণগত ব্যাখ্যা)

​'গরু' রূপে যাকে আমরা দেখে অভ্যস্ত সেই শব্দের আদি উৎস হলো সংস্কৃত 'গো'। ব্যুৎপত্তিগতভাবে এই 'গো' শব্দ থেকেই বাংলায় 'গোরু' বা 'গরু' এসেছে। যেহেতু মূল শব্দে 'ও-কার' আছে, তাই ভাষা গবেষকদের মতে 'গোরু' বানানটি শব্দের উৎসের সাথে বেশি সংগতিপূর্ণ।

২. বাংলা একাডেমির বর্তমান সিদ্ধান্ত

​বর্তমানে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অভিধানে ‘গোরু’ বানানটিকে মান্য করে বা অগ্রাধিকার দিয়ে গ্রহণ করেছে। আধুনিক নিয়ম অনুযায়ী, তদ্ভব বা দেশি শব্দের ক্ষেত্রে উচ্চারণের স্বচ্ছতা বজায় রাখতে ‘ও-কার’ ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে।

৩. তবে কি 'গরু' বানানটি ভুল?

​না, 'গরু' বানানটি ভুল নয়। এটি দীর্ঘকাল ধরে আমাদের ভাষায় বহুল প্রচলিত এবং সুপ্রতিষ্ঠিত একটি তদ্ভব শব্দ। অনেক কালজয়ী সাহিত্যকর্মেও আমরা 'গরু' বানানটিই দেখে এসেছি। তবে নিয়ম পরিবর্তনের সাথে সাথে বর্তমানে প্রাতিষ্ঠানিক ও শিক্ষামূলক ক্ষেত্রে 'গোরু' লেখাই অধিকতর শ্রেয়।

৪. সহজ কথা

পরীক্ষার খাতায় বা পাঠ্যপুস্তক অনুযায়ী বর্তমানে 'গোরু' লেখাটিই নিরাপদ। তবে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে যদি আগের অভ্যাসে 'গরু' লেখা, তবে তাকে ব্যাকরণগতভাবে ভুল বলা যাবে না।

৫. শেষকথা 

প্রচলিত 'গরু' বানানটি আমাদের অভ্যাসে গেঁথে থাকলেও, ব্যুৎপত্তিগত শুদ্ধতা এবং আধুনিক বাংলা একাডেমির নির্দেশিকা মেনে 'গোরু' লেখাই এখন অধিকতর শ্রেয়। একজন সচেতন পাঠক ও শিক্ষার্থী হিসেবে শুদ্ধ বানানের এই চর্চা আমাদের ভাষাকে আরও সমৃদ্ধ করবে। বানানটি নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 

শনিবার, ৭ মার্চ, ২০২৬

বাংলা ব্যাকরণে 'পুরুষ' বা Person : ৩ নাকি ৭? এক ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ

প্রায়ই একটি প্রশ্ন শোনা যায়— বাংলা ব্যাকরণে 'পুরুষ' বা Person তো মাত্র তিনটি (উত্তম, মধ্যম ও প্রথম), তবে ব্যবহারের ক্ষেত্রে আমরা এত বৈচিত্র্য দেখি কেন? কেউ কেউ তো মনে করেন, বাংলা সর্বনামে সাতটি পুরুষ থাকা উচিত ছিল। একজন বাংলা শিক্ষক  হিসেবে বিষয়টি আমারও নজরে এসেছে। এখানে এই কৌতূহলী বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করব।       

   

                  বাংলা ব্যাকরণে পুরুষ ৩ টি, নাকি ৭ টি?

 প্রথাগত ব্যাকরণ কী বলে?

সাধারণ ব্যাকরণ অনুযায়ী পুরুষ তিন প্রকার:

উত্তম পুরুষ: বক্তা নিজে (আমি, আমরা)।

মধ্যম পুরুষ: যাকে সম্বোধন করে বলা হয় (তুমি, তোমরা)।

প্রথম পুরুষ: যার সম্বন্ধে কিছু বলা হয় (সে, তারা)।

 কেন সাতটি পুরুষের ধারণা আসে?

বাংলা ভাষায় 'মর্যাদাসূচক' (Honorifics) পার্থক্যের কারণে আমরা সর্বনামের যে রূপগুলো ব্যবহার করি, সেখান থেকেই এই সাতটি স্তরের ধারণা আসতে পারে:

​মধ্যম পুরুষ (৩টি রূপ): তুই (তুচ্ছার্থে), তুমি (সাধারণ), আপনি (সম্ভ্রমার্থে)।

​প্রথম পুরুষ (৩টি রূপ): ও/এ (তুচ্ছ/নিকট), সে/তিনি (সাধারণ/দূর), ইনি/উনি (সম্ভ্রমার্থে)।

​উত্তম পুরুষ (১টি রূপ): আমি/আমরা।

পুরুষ (Person) ব্যবহারের স্তর উদাহরণ
উত্তম সাধারণ আমি, আমরা
মধ্যম তুচ্ছ/ঘনিষ্ঠ তুই, তোরা
সাধারণ তুমি, তোমরা
সম্ভ্রমসূচক আপনি, আপনারা
প্রথম তুচ্ছ/নিকট ও, ওরা / এ, এরা
সাধারণ/দূর সে, তারা / তিনি, তাঁরা
সম্ভ্রমসূচক ইনি, এঁরা / উনি, ওঁরা

এই সব মিলিয়ে মোট সাতটি স্বতন্ত্র ব্যবহারের ক্ষেত্র তৈরি হয়।

 যদি সাতটি পুরুষ থাকত তবে কী হতো?

ব্যাকরণগতভাবে যদি এই সাতটি স্তরকে আলাদা 'পুরুষ' হিসেবে স্বীকৃতি দেওয়া হতো, তবে আমাদের ভাষাশৈলী আরও সূক্ষ্ম হতো ঠিকই, কিন্তু ক্রিয়াপদের রূপগুলো অনেক বেশি জটিল হয়ে যেত। প্রতিটি পুরুষের সর্বনাম অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্রিয়ারূপ ব্যবহার করা সাধারণ মানুষের জন্য ভাষা শিক্ষাকে কঠিন করে তুলত।

 শেষকথা:

ব্যাকরণে পুরুষ ৩টি হলেও আমাদের ব্যবহারের ব্যাকরণে এই ৭টি (বা তার বেশি) বৈচিত্র্যই বাংলাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

● আমরা আলোচনায় দেখলাম উত্তম পুরুষের সাধারণত একটিই স্তর। কিন্তু কাব্যিক বা আঞ্চলিক ভাষায় ব্যবহৃত 'মোরা' শব্দটি কি এই সাতটি স্তরের কোনোটিতে পড়ে, নাকি এটি সম্পূর্ণ আলাদা কিছু? আপনার উত্তর নিচে কমেন্ট করে জানান!

জয় ও বিজয়: শব্দ দুটির পার্থক্য ও সঠিক ব্যবহার

'জয়' এবং 'বিজয়'—শব্দ দুটি শুনতে কাছাকাছি মনে হলেও বাংলা ব্যাকরণ এবং ব্যবহারের দিক থেকে এদের মধ্যে সূক্ষ্ম ও গভীর পার্থক্য রয়েছে। নিচে এদের অর্থ ও পার্থক্য আলোচনা করা হলো: 
            

১. জয় (Victory/Success) 'জয়' শব্দটির সাধারণ অর্থ হলো কোনো প্রতিযোগিতায় বা যুদ্ধে জেতা। এটি একটি প্রাথমিক সাফল্যের পর্যায়। যখন কেউ কোনো বাধা অতিক্রম করে বা কারো বিরুদ্ধে জয়লাভ করে, তখন তাকে 'জয়' বলা হয়। 

 ২. বিজয় (Grand Victory) 'বিজয়' শব্দটি এসেছে 'বি' (বিশেষ) + 'জয়' থেকে । অর্থাৎ, এটি সাধারণ জয়ের চেয়েও বড় বা বিশেষ কোনো সাফল্য। যখন কোনো ধারাবাহিক বা বড় বাধা, দীর্ঘস্থায়ী যুদ্ধ বা কঠিন পরিস্থিতির অবসান ঘটিয়ে চূড়ান্ত সাফল্য অর্জিত হয়, তখন তাকে 'বিজয়' বলা হয়। এটি কেবল একটি মুহূর্তের জেতা নয়, বরং একটি স্থায়ী ও গৌরবময় সাফল্য। 

উদাহরণ: খুব সহজ ও চলতি কথায় বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে - একটি ফুটবল টুর্নামেন্টে যখন কোনো দল প্রথম ম্যাচে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয় তখন সেটি হলো 'জয়'। কিন্তু যখন ঐ দল অনেক কটি  বাধা  পেরিয়ে  টুর্নামেন্টের  ফাইনাল ম্যাচে জিতে ট্রফিটি হাতে তুলে নেয় —সেটি হলো ঐ দলের 'বিজয়'।

শেষকথা: সুতরাং দেখা যাচ্ছে, জয় হলো সাফল্যের একটি পদক্ষেপ, আর বিজয় হলো সেই সাফল্যের চূড়ান্ত ও স্থায়ী রূপ। বাংলা ভাষার এই ঐশ্বর্য আমাদের শব্দ ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন করে তোলে।

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

গৃহ বনাম বাড়ি অথবা Home vs House : সহজ ব্যাখ্যায় খুঁজে নিন দালানকোঠা অথবা মনের ঠিকানা

"আমরা টাকা দিয়ে 'বাড়ি' (house) কিনতে পারি, তবে 'গৃহ' (home) কিনতে পারিনা, গৃহ বা Home আমাদের গড়ে নিতে হয়।" -

আপাত দৃষ্টিতে কথাটা বিভ্রান্তিকর মনে হলেও বাস্তবে কোনো বিভ্রান্তি নেই। বাড়ি এবং গৃহ  (House & Home) শব্দের এর অর্থ পার্থক্য বুঝে নিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

বাড়ি বা House বলতে কেবল একটি ভৌত কাঠামো বা দালানকোঠাকে বোঝায়। এটি ইট, কাঠ, পাথর বা সিমেন্ট দিয়ে তৈরি একটি আবাসন। এটি একটি অচল সম্পত্তি।

                                

গৃহ বা Home কেবল একটি দালান নয়, এটি একটি আবেগ, ভালোবাসা এবং নিরাপত্তার স্থান। যেখানে মানুষ তার পরিবার নিয়ে বাস করে এবং মানসিক শান্তি পায়, সেটাই তার গৃহ বা Home. এটি একটি অনুভূতি জড়ানো জায়গা।

সারকথা

বাড়ি বা House হলো একটি ভৌত কাঠামো (Physical structure)। এটি শরীর বা কাঠামোগত ধারণা।

গৃহ বা Home হলো একটি আবেগীয় অনুভূতি (Emotional feeling)। সহজ কথায়—প্রাণ বা আত্মা।

পরিশেষে:

বাড়ি কেবল আমাদের রোদ-বৃষ্টি থেকে রক্ষা করে, কিন্তু গৃহ আমাদের দেয় মানসিক শান্তি ও নিরাপত্তা। ইট-পাথরের কাঠামোর চেয়েও ঘরের ভেতরের মানুষগুলোর ভালোবাসা ও পারস্পরিক বন্ধনই একটি বাড়িকে সত্যিকারের 'গৃহ' (home) হিসেবে গড়ে তোলে।


 

সোমবার, ২ মার্চ, ২০২৬

​ডিগ্রি বনাম শিক্ষা : আমরা কি কেবল সার্কাসের ঘোড়া ?

"আমরা যে পড়াশুনা করছি (স্কুল, কলেজে) সেই পড়াশুনা করে কি আমরা সত্যি শিক্ষিত হচ্ছি?" এটা খুবই গভীর এবং চিন্তার প্রশ্ন, তবে নতুন নয়। বিষয়টা আলোচনা করে দেখা যাক।

শিক্ষা বনাম শিক্ষিত হওয়া: একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ

​আমরা সাধারণত 'ডিগ্রি অর্জন' করাকেই 'শিক্ষিত হওয়া' বলে মনে করি। কিন্তু, বিশ্লেষণ করলে দেখা যায় বিষয়টা তা নয়; বরং উল্টোটাও হতে পারে। মানে অশিক্ষিত ব্যক্তিও শিক্ষিত বলে চিহ্নিত হতে পারেন।

ডিগ্রি ও জ্ঞান : স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমাদের মূলত একটি পেশাগত যোগ্যতা বা নির্দিষ্ট বিষয়ে জ্ঞান দেয়। একজন শিক্ষার্থী সেই শিক্ষা বা জ্ঞান নিয়ে কেবল এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হয়, তাদের জীবিকা অর্জনের পথ প্রশস্ত হয়। এই প্রসঙ্গে কবি আইয়াপ্পা পানিকরের 'শিক্ষায় সার্কাস' কবিতাটির কথা মনে পড়ে। কবি দেখিয়েছেন, কীভাবে আমরা এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ইঁদুর দৌড়ে শামিল হয়েছি। চতুর্থ শ্রেণির পর পঞ্চম শ্রেণি, তারপর আরও উঁচুতে—  এই যে ক্রমাগত উত্তরণ, এটা অনেকটা সার্কাসের মতো। আমরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠছি কেবল গৎবাঁধা কিছু নিয়ম মেনে 'পারফর্ম' করার জন্য। সার্কাসের জন্তুরা যেমন চাবুকের ভয়ে নির্দিষ্ট কিছু কসরত শেখে, আমাদের শিক্ষার্থীরাও তেমনি পরীক্ষার নম্বর আর চাকরির বাজারের ভয়ে কিছু ধরাবাঁধা জ্ঞান রপ্ত করছে। এতে দক্ষতা হয়তো বাড়ছে, কিন্তু মনুষ্যত্ব বা স্বাধীন চিন্তাশক্তির বিকাশ ঘটছে না।

"...সব শিক্ষা একটি সার্কাস / যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। / জ্ঞান কোথায় গেল? / সে যেখানে গেছে, সেটা ধোঁকা!"

প্রকৃত শিক্ষা ও মনুষ্যত্ব: প্রকৃত শিক্ষা হলো সেটি, যা -         ● আমাদের বিচারবুদ্ধি ও বিবেককে জাগ্রত করে।             ● অন্যের প্রতি শ্রদ্ধা এবং মানবিকতাবোধ তৈরি করে।       ● কেবল জীবিকা নয়, জীবনকে বুঝতে শেখায়।

যদি  আমাদের আচরণে সৌজন্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধা এবং মানবিকতা প্রকাশ না পায়, তবে হাজারো ডিগ্রি থাকলেও আমরা তাকে 'প্রকৃত শিক্ষিত' বলতে পারি না।

শিক্ষার আসল উদ্দেশ্য : স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। অর্থাৎ, যে পড়াশোনা আমাদের আত্মনির্ভরশীল হতে শেখায় এবং উন্নত মানসিকতা গঠন করে, সেটিই প্রকৃত শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ, থমাস আলভা এডিসন - এরা কেউই প্রথাগত স্কুল-কলেজের শিক্ষা গ্রহণ করেননি, অথচ আজ সারা বিশ্বের মানুষ তাঁদের দর্শন ও সাহিত্য নিয়ে গবেষণা করছেন।

শেষকথাআমরা পড়াশোনা করে জ্ঞান অর্জন করছি ঠিকই, কিন্তু সেই জ্ঞানকে যদি আমরা জীবনে প্রয়োগ না করি এবং মানবিক হয়ে না উঠি, তবে ডিগ্রিগুলো কেবল কাগজের টুকরো হয়েই থেকে যাবে। তাই,  ডিগ্রি যাই বা থাকুক আর নাই থাকুক, পড়াশোনার সাথে আন্তরিক মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটাতে হবে তা হলেই প্রকৃত শিক্ষা সমাপ্ত হবে।

শুদ্ধ বাংলা সহজে জানুন : ১০টি প্রশ্নের একটি মজার কুইজ (পর্ব-২)

প্রিয় পাঠক ও ভাষাপ্রেমী অনুরাগী, আমি পিন্টু স্যার। আমার ব্লগ 'পিন্টু স্যারের সহজ বাংলা'-তে সকলকে স্বাগত জানাই। আমাদের মাতৃভাষা বাংল...