সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কারক চেনার সহজ পাঠ - একটি বাক্যেই ছয়টি কারক (প্রথম পর্ব)

নমস্কার,

'পিন্টু স্যারের সহজ বাংলা' ব্লগে সকলকে স্বাগত। বেশ কিছু ছাত্রছাত্রী ও অভিভাবকের অনুরোধে শুরু করছি বাংলা ব্যাকরণ তথা 'কারক' নিয়ে একেবারে গোড়া থেকে অত্যন্ত সহজভাবে এই আলোচনা সিরিজ। ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি একটু-আধটু জটিল মনে হলেও এই পর্বভিত্তিক আলোচনায় তা অত্যন্ত সহজ বোধগম্য হবে বলেই আশা করছি।

কারক আসলে কী?

সহজ কথায় বলতে গেলে, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক, তাকেই কারক বলে। অর্থাৎ, বাক্যে যে কাজটি হচ্ছে (ক্রিয়া), তার সঙ্গে অন্যান্য পদের কী যোগসূত্র আছে, সেটাই কারক নির্ণয়ের মূল চাবিকাঠি।

একটি ম্যাজিক বাক্য!

অনেকের কাছেই ৬টি কারক মুখস্থ করা বা মনে রাখা খুব কঠিন মনে হয়। কিন্তু এখানে আমি এমন একটি বাক্যের কথা বলব, যার মধ্যে ৬টি কারকই সুন্দরভাবে লুকিয়ে আছে। বাক্যটি ভালো করে লক্ষ করা যাক :

"পুরোহিতমশাই প্রতিদিন মন্দির প্রাঙ্গণে থালা হতে নিজ হাতে জনসাধারণকে প্রসাদ দিতেন।

এই বাক্যটি থেকে সহজেই কীভাবে ৬টি কারক খুঁজে পাওয়া যায়, তা নিচের ছবি ও ছকটির মাধ্যমে দেখা যাক -

একটিমাত্র বাক্যের বিশ্লেষণের মাধ্যমে কারক চেনার সহজ পাঠের সচিত্র ছক।
একনজরে সব কারক
প্রশ্নউত্তরকারকের নাম
কে দিতেন?পুরোহিতমশাইকর্তৃকারক
কী দিতেন?প্রসাদকর্মকারক
কিসের দ্বারা দিতেন?নিজ হাতেকরণকারক
কাদের নিমিত্তে/উদ্দেশ্যে দিতেন?জনসাধারণকেনিমিত্ত কারক
কোথা হতে দিতেন?থালা হতেঅপাদান কারক
কোথায়/কখন দিতেন?মন্দির প্রাঙ্গণে / প্রতিদিনঅধিকরণ কারক
একটি প্রয়োজনীয় তথ্য:

বর্তমান সময়ের আধুনিক বাংলা ব্যাকরণ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী, পুরনো 'সম্প্রদান কারক'-কে এখন 'নিমিত্ত কারক' হিসেবে অভিহিত করা হয়। যেহেতু জনসাধারণকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তাঁদের 'উদ্দেশ্যে' বা 'নিমিত্তে', তাই বর্তমান নিয়মে একে নিমিত্ত কারক বলাই বিধেয়। 

সংযোজন : অনেক যুক্তিবাদী ভাষাপ্রেমী-ব্যাকরণবিদ এবং পাঠক বেশ কিছু গুরুত্বপূর্ণ তাত্ত্বিক প্রশ্ন তুলেছেন। তাদের মতে প্রসাদ দেওয়ায় নিমিত্ত ভাব অস্পষ্ট বা সঠিকভাবে প্রকাশিত নয়, বরং প্রসাদ দেওয়া- কে তারা গৌণকর্ম হিসেবে দেখাতে চান। তাঁদের যুক্তি ও আধুনিক ব্যাকরণরীতিকে সম্মান জানিয়ে সমস্ত কারক সম্বলিত আরও একটি নিটোল উদাহরণ নিচে দেওয়া হলো যেখানে নিমিত্ত কারক স্পষ্টভাবে বোধগম্য হবে বলে মনে করছি।
উদাহরণ : শ্রদ্ধেয় পুরোহিতমশাই প্রতিদিন ভোরে দেবালয়ে নিজ হাতে থালা হতে দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করেন।
এখানে :কর্তা: পুরোহিতমশাই, কর্ম: পুষ্প, করণ: নিজ হাতে, নিমিত্ত: দেবতার উদ্দেশ্যে, অপাদান: থালা হতে, অধিকরণ: দেবালয়ে / প্রতিদিন ভোরে

পরিশেষে :

আলোচনাটি কেমন লাগল এবং কতটা বোঝার পক্ষে সহায়ক হলো, তা জানালে খুশি হব। এবং পরবর্তী পর্বগুলো আরও সমৃদ্ধভাবে সাজাতে অনুপ্রাণিত হবো। আপনারাও কি এমন কোনো বাক্যের কথা জানেন যেখানে ছয়টি কারকই বর্তমান? কমেন্টে শেয়ার করুন, আলোচনা চলুক!
একটি বিশেষ কথা— আমার লেখায় (ব্লগে) সুদূর বোর্ডম্যান থেকে শুরু করে ঘরের কাছের বালুরঘাট পর্যন্ত যে বিপুল সাড়া পেয়েছি, তা দেখে একজন শিক্ষক হিসেবে আমি সত্যিই অভিভূত। এই নিরন্তর ভালোবাসাই আমার এই ব্লগটিকে সার্থক করে তুলবে।
​পরবর্তী পর্বে আমরা কর্তৃকারক, কর্মকারক ও করণকারক নিয়ে বিস্তারিত আলোচনায় ফিরব। 
শুদ্ধ বাংলা সহজ সঙ্গী হয়ে সঙ্গে থাকুক।

পরের পর্ব পড়তে ও সহজে কারক নির্ণয়ের কৌশল জানতে ক্লিক করুন ⤵️

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার সুচিন্তিত মতামত বা প্রশ্ন এখানে জানাতে পারেন। গঠনমূলক এবং জানার আগ্রহে আলোচনা কাম্য।

প্রয়োগ বিভ্রাট : চারপাশের বানান ও ব্যাকরণ (২য় পর্ব)

উৎসাহী বাংলাভাষা অনুরাগী ও শিক্ষার্থী বন্ধুরা, ​আগের পর্বে আমরা একটি জুয়েলারির সাইনবোডের সাধারণ কিছু অসাবধানতা ও বানান বিভ্রাট নিয়ে আলোচনা ক...