শনিবার, ২৩ মে, ২০২৬

প্রয়োগ বিভ্রাট : চারপাশের বানান ও ব্যাকরণ (২য় পর্ব)

উৎসাহী বাংলাভাষা অনুরাগী ও শিক্ষার্থী বন্ধুরা,

​আগের পর্বে আমরা একটি জুয়েলারির সাইনবোডের সাধারণ কিছু অসাবধানতা ও বানান বিভ্রাট নিয়ে আলোচনা করেছিলাম। অনেকেই সেই আলোচনাটি পছন্দ করেছেন এবং চারপাশের ভাষাচর্চাকে একটি 'জ্যান্ত পাঠশালা'র রূপ দেওয়ার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।

​​আজকের (২৩শে মে, ২০২৬) খবরের কাগজের পাতায় চোখ বোলাতেই একটি বড় লটারির বিজ্ঞাপনের দিকে নজর আটকে গেল। ১ কোটি টাকা জেতার আনন্দের খবরের মূল শিরোনামে এমন কিছু অসঙ্গতিপূর্ণ প্রয়োগ চোখে পড়ল, যা আজকের জ্যান্ত পাঠশালার আসরে একটি সহজ আলোচনার মাধ্যমে নির্ণয় করে চিনে নেওয়া যাক।

লটারির বিজ্ঞাপনের শিরোনামে হাওড়া-এর এবং বিজয়ী শব্দের ব্যাকরণগত ভুল প্রয়োগ।
লটারির বিজ্ঞাপনে বিভক্তি ও শব্দপ্রয়োগের বিভ্রাট।

       (প্রসঙ্গত উল্লেখ্য, পুরো বিজ্ঞাপনের বয়ানে বা নিচের বিস্তারিত অনুচ্ছেদে আরও কোনো ভুলত্রুটি আছে কিনা, তা মূল্যায়ন বা নির্ধারণ করা আমাদের আজকের উদ্দেশ্য নয়; আমরা কেবল এই প্রধান শিরোনামটুকুর ভেতরের ভাষাতাত্ত্বিক দিক নিয়েই আলোচনা করছি।)

১. ‘হাওড়া-এর’ বনাম ‘হাওড়ার’ (বিভক্তি বিভ্রাট) :

​বিজ্ঞাপনের মূল শিরোনামে লক্ষ্য করলে দেখা যাবে, মূল শব্দটির সঙ্গে 'এর' বিভক্তি জুড়ে দিতে মাঝখানে একটি অনাকাঙ্ক্ষিত হাইফেন (-) ব্যবহার করা হয়েছে— "হাওড়া-এর"।

বিভ্রাট : আজকাল কম্পিউটারে বা মোবাইলে বাংলা টাইপ করার সময় (যেমন অভ্র বা অন্য কোনো ফোনেটিক কিবোর্ডে) অনেকেই মূল শব্দটিকে আলাদা করে হাইলাইট করতে বা সঠিক বিভক্তিটি মেলাতে না পেরে শব্দের শেষে হাইফেন (-) কিংবা ঊর্ধ্বকমা বা অ্যাপস্ট্রফি (') বসিয়ে দেন। যেমন— হাওড়া-এর, হাওড়া’র, কলকাতা-এর, কলকাতা’র ইত্যাদি।

নিয়ম : বাংলা ভাষার প্রমিত বানান রীতি ও ব্যাকরণের নিয়ম অনুযায়ী, শব্দের শেষে বিভক্তি (র, এর, কে, তে) যুক্ত করার সময় কোনো রকম হাইফেন বা ঊর্ধ্বকমা ব্যবহার করা ঠিক নয়। বিভক্তি সবসময় মূল শব্দের গায়ে সরাসরি যুক্ত হয়ে একটি একক শব্দ তৈরি করে।

শুদ্ধ প্রয়োগ হবে— 'হাওড়ার' (একইভাবে 'কলকাতা-এর' না লিখে লিখতে হবে 'কলকাতার', 'ঢাকা-এর' না লিখে লিখতে হবে 'ঢাকার')।

২. ‘জয়ী’ নাকি ‘বিজয়ী(শব্দের তাৎপর্যগত তফাত) :

​এই শিরোনামে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে— "বিজয়ী"। খবরের কাগজে বা অন্যত্র এই ধরণের শব্দবন্ধ আজকাল খুবই প্রচলিত এবং আমাদের চোখ-কান সয়ে গেছে। তবে চলন্ত ভাষায় বহুল ব্যবহৃত হলেও, ব্যাকরণ আর শব্দের আসল অর্থের নিরিখে এখানে একটা সূক্ষ্ম তফাত রয়ে গেছে।

(পাঠকদের মনে করিয়ে দিই, 'জয়' ও 'বিজয়' শব্দের অন্তর্নিহিত ও তাত্ত্বিক পার্থক্য নিয়ে আমাদের এই ব্লগে পূর্বেই বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ সেই সূত্রের ওপর ভিত্তি করেই লটারির এই শব্দচয়নটি আরেকবার ঝালিয়ে নেওয়া যাক।)

যুক্তি : লটারি জেতাটা মূলত একটা আকস্মিক ঘটনা এবং ভাগ্যের খেলা, যেখানে কোনো পূর্বপ্রস্তুতি বা নিজের ব্যক্তিগত লড়াই থাকে না। তাই এক্ষেত্রে প্রমিত বাংলায় 'জয়ী হলেন' বা সরাসরি 'জিতলেন' বলাটাই বেশি যুক্তিযুক্ত।

​অন্য দিকে, 'বি' (বিশেষ) পূর্বক 'জয়' থেকে আসে 'বিজয়ী'। এটি মূলত তখনই খাটে যখন কেউ কোনো বিশেষ বীরত্ব দেখান, কিংবা পর্যায়ক্রমিক কিছু জয়ের মধ্য দিয়ে ধাপে ধাপে চূড়ান্ত কোনো সাফল্য বা ট্রফি অর্জন করেন (যেমন কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল)। লটারিতে যেহেতু এই ধাপে ধাপে লড়াইয়ের ধারাবাহিকতা বা প্রক্রিয়ার ব্যাপারটি নেই, তাই বিজ্ঞাপনে বহুল প্রচলিত হলেও শব্দটির এমন প্রয়োগ আসলে কিছুটা আলঙ্কারিক বা অতি-নাটকীয়।

এক নজরে শুদ্ধিপত্র :

ভুল প্রয়োগ সঠিক বানান / প্রয়োগ কেন ভুল? (যুক্তি)
হাওড়া-এর / হাওড়া'র হাওড়ার শব্দের শেষে বিভক্তি যুক্ত করার সময় হাইফেন বা অ্যাপস্ট্রফি বসে না।
১ কোটির বিজয়ী (লটারির ক্ষেত্রে) ১ কোটি জয়ী / জিতলেন লটারি ভাগ্যের খেলা, ধাপে ধাপে জিতে আসা কোনো বীরত্বের লড়াই বা 'বিজয়' নয়।

পরিশেষে :

বিজ্ঞাপন হোক কিংবা সাধারণ লেখালেখি, বাংলা ভাষার এই ছোটখাটো নিয়মগুলো খেয়াল না রাখলে বাক্যের সৌন্দর্য যেমন নষ্ট হয়, তেমনই ভাষার বিকৃতি ঘটে। কোটি টাকার বিজ্ঞাপনেও যখন এই ধরণের অসাবধানতা আমাদের চোখে পড়ে, তখন বুঝতে হবে প্রমিত বাংলা বানানের সচেতনতা আজও কতটা জরুরি।

​আমরা যারা নিয়মিত শিখছি বা ভাষার শুদ্ধ প্রয়োগ চাই, তাদের উচিত চারপাশের এই ছোটখাটো ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া। ভাষার শুদ্ধতা রক্ষা করা যে কতটা জরুরি—তা অনুধাবন করতে পারলেই আমাদের এই জ্যান্ত পাঠশালায় শেখা সার্থক হবে।

প্রসঙ্গত জানুন 👇

জয় ও বিজয় - পার্থক্য ও সঠিক প্রয়োগ 

বুধবার, ২০ মে, ২০২৬

শব্দের গল্প.: চুড়িদার - হাতের থেকে নেমে এলো পায়ে!

পোশাক হিসেবে 'চুড়িদার' (churidar) আজ আমাদের ভীষণ পরিচিত। সাধারণত কামিজের নিচে সালোয়ারের পরিবর্তে কুঁচকানো যে আঁটসাঁট পাজামাটি পরা হয়, সেটিই হলো চুড়িদার। কিন্তু মজার বিষয় হলো, হাতের চুড়ি কীভাবে পায়ে চলে গেল! শব্দটি এলোই বা কোথা থেকে? চলুন জেনে নেওয়া যাক এই পোশাকের নামের পেছনে লুকিয়ে থাকা প্রাচীন ইতিহাস।

'চুড়িদার' নামের উৎস : তৎসম থেকে উর্দু হয়ে আগমন​'

​গুগল ও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, 'চুড়িদার' শব্দটি মূলত উর্দু ভাষা হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে এবং বিশ শতকে এটি সরাসরি ইংরেজি শব্দভাণ্ডারেও (churidar) জায়গা করে নেয়।

​তবে শব্দটির আসল শিকড় কিন্তু অনেক গভীরে। এর মূল লুকিয়ে আছে প্রাচীন সংস্কৃতির তৎসম শব্দ ‘চূডক’ (যার অর্থ চূড়া বা গোলাকার বলয়)-এর মধ্যে। এই ‘চূডক’ শব্দটিই প্রাকৃতের পথ ধরে বিবর্তিত হয়ে উত্তর ভারতের মাটিতে উর্দু/হিন্দি ভাষায় তদ্ভব শব্দ ‘চুরি’ (चूड़ी)-তে রূপ নেয়। পরবর্তীতে মোঘল আমলের দরবারি সংস্কৃতির প্রভাবে এই উর্দু 'চুরি' শব্দের সাথে ফারসি প্রত্যয় ‘দার’ (যার অর্থ যুক্ত বা ধারী) যুক্ত হয়ে তৈরি হয় ‘চুড়িদার’। এই সম্পূর্ণ তৈরি রূপেই শব্দটি পরবর্তীতে আমাদের বাংলা ভাষায় গৃহীত হয়েছে।

আক্ষরিক অর্থে চুড়িদার মানে হলো— "যা চুড়ির মতো দেখতে" বা "যাতে চুড়ির মতো ভাঁজ বা কুঁচি আছে"।

একটি ঐতিহ্যবাহী বুটিকে নীল রঙের সালোয়ার পরা এক নারী তাঁর পায়ের পাজামার চুড়ির মতো কুঁচকানো অংশ ঠিক করছেন এবং ব্যাকগ্রাউন্ডে পুরুষদের ক্রিম রঙের চুড়িদার পাজামা ও কুর্তা দেখা যাচ্ছে।
হাতের একগোছা ‘চুড়ি’ থেকে পায়ের ‘চুড়িদার’— নারী-পুরুষ উভয়েরই এক ঐতিহ্যবাহী ফ্যাশন।

কীভাবে এলো এই নামকরণ ?

​এই পাজামা কাটার এবং সেলাই করার একটা বিশেষ কৌশল আছে। এটি লম্বায় পায়ের আসল মাপের চেয়ে বেশ খানিকটা বড় তৈরি করা হয়। যখন এই আঁটসাঁট পাজামাটি পরা হয়, তখন অতিরিক্ত কাপড়টুকু গোড়ালির ওপর জড়ো হয়ে ছোট ছোট বৃত্তাকার ভাঁজ বা কুঁচি তৈরি করে।

​পায়ের নিচের অংশের কাপড়ের এই গোল গোল ভাঁজগুলো দেখতে অবিকল হাতে একগোছা চুড়ি পরে থাকলে যেমন দেখায়, ঠিক তেমন লাগে। কাপড়ের এই চুড়ির মতো ভাঁজের কারণেই এই বিশেষ পাজামার নাম হয়ে যায় ‘চুড়িদার’।

ব্রিটিশদের চোখে এর অদ্ভুত নাম !

​এই উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময় ইংরেজরা যখন প্রথম এই আঁটসাঁট কুঁচকানো পাজামা দেখে, তখন তারা বেশ আমোদ পেয়েছিল। তারা এর নাম দিয়েছিল 'লং-ড্রয়ার' (Long-drawer)। আবার এই পোশাক পা ঢাকা থাকায় মশার কামড় থেকে বাঁচত, তাই অনেকে একে রসিকতা করে বলত 'মসকিউটো ড্রয়ার' (Mosquito drawer)! পরে অবশ্য ইংরেজি অভিধানেও ‘churidar’ শব্দটি নিজস্ব জায়গা করে নেয়।

মোঘল দরবার থেকে আধুনিক ফ্যাশন

​চুড়িদারের ইতিহাস বেশ প্রাচীন। মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে মোঘল আমলে এই পোশাকের ব্যাপক প্রচলন ছিল। মোঘল সম্রাট, দরবারের উচ্চপদস্থ পুরুষ এবং নারীরা রেশম বা মখমলের তৈরি এই ধরনের আঁটসাঁট পাজামা পরতেন। তৎকালীন দরবারি চিত্রকলাগুলোতেও এর প্রচুর প্রমাণ মেলে। অর্থাৎ, এটি ভারতীয় উপমহাদেশে পুরুষ ও মহিলা উভয়েরই ঐতিহ্যবাহী পোশাক।

একটি ব্যাকরণগত তথ্য (বানান) : ‘ড়’ নাকি ‘র’ ?

মূল উর্দু বা হিন্দি উচ্চারণে শব্দটিতে ‘ড়’ (Churidar) ধ্বনিটি স্পষ্ট। তাই উইকিপিডিয়া বা গুগলে 'চুড়িদার' বানানটিই বেশি দেখা যায়। তবে আধুনিক বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী, বিদেশী বা মিশ্র শব্দে ‘ড়’-এর ব্যবহার সরলীকৃত করে 'চুরিদার' (র দিয়ে) লেখাও এখন অভিধানসিদ্ধ। তবে শব্দটির মূল উৎস যেহেতু হাতের ‘চুড়ি’, তাই এর ভেতরের ঐতিহাসিক ও নান্দনিক ভাবটি বজায় রাখতে এখানে এই গল্পে আমরা 'চুড়িদার' বানানটিকেই প্রাধান্য দিয়েছি।

সবশেষে সংক্ষেপে 

পায়ের কাছে কাপড়ের কুঁচিগুলো দেখতে ঠিক হাতে পরা একগোছা ‘চুড়ি’-র মতো লাগে বলেই পোশাকটির নাম হয়েছে ‘চুড়িদার’। শব্দের এই বিবর্তন আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পোশাকের নামকরণের পেছনে কত সূক্ষ্ম ও নান্দনিক পর্যবেক্ষণ লুকিয়ে থাকে!

আরো পড়ুন ⤵️

শব্দের গল্প : সিঙারা রহস্য - পাথর নাকি আমিষ?

শনিবার, ১৬ মে, ২০২৬

বাক্যে থেকেও যারা কারক নয় : অকারক পদের সহজ পাঠ

আমরা যখন বাংলা ব্যাকরণে কারক শিখি, তখন জানি যে, ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ক থাকলেই তাকে কারক বলে। কিন্তু বাক্যে এমন কিছু পদ থাকে, যাদের সাথে ক্রিয়াপদের কোনো সরাসরি যোগসূত্র থাকে না। ব্যাকরণের ভাষায় এদেরই বলা হয় 'অকারক পদ' (Non-case relations)। 

এখানে এই অকারক পদ সহ তার বিভিন্ন ভাগ গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে অকারক পদ নিয়ে আর কোনো সংশয় না থাকে, এবং খুব সহজেই অকারক পদের দুটি বিভাগ নির্ণয় করা যায়। 

অকারক পদ আসলে কী?

​সহজ কথায় বলতে গেলে, বাক্যের যে নামপদের (বিশেষ্য বা সর্বনাম) সঙ্গে ক্রিয়াপদের কোনো সরাসরি অন্বয় বা সম্পর্ক থাকে না, তাকে অকারক পদ বলে। কারক হওয়ার প্রধান শর্তই হলো ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকা। যেহেতু এই পদগুলো সেই শর্ত পূরণ করে না, তাই এদের নাম ‘অকারক’।

okarak pod bangla grammar pintusirer sohoj bangla
অকারক পদ : দুই প্রকার 

অকারক পদের প্রকারভেদ :

বাংলা ব্যাকরণ অনুযায়ী অকারক পদ মূলত দুই প্রকার: ১. সম্বন্ধ পদ (Possessive) ২. সম্বোধন পদ (Vocative)

নিচে এই দুটি ভাগ নিয়ে বিস্তারিত এবং উদাহরণসহ আলোচনা করা হলো।

১. সম্বন্ধ পদ : সম্পর্কের গল্প

যখন একটি বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য একটি বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে, কিন্তু বাক্যের প্রধান ক্রিয়ার সঙ্গে সেই পদের কোনো সরাসরি সম্পর্ক বা যোগসূত্র থাকে না, তখন তাকে সম্বন্ধ পদ বলে।

উদাহরণ : রামের ভাই প্রতিদিন স্কুলে যায়।

বুঝে দেখি : এখানে 'যায়' হলো ক্রিয়াপদ। 'যায়' ক্রিয়াটি, বা যাওয়ার কাজটি করছে 'ভাই'। যদি প্রশ্ন করি— কে যায়? উত্তর হবে 'ভাই'। অর্থাৎ 'ভাই' পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে। কিন্তু 'যায়' ক্রিয়াকে কোনো ভাবেই প্রশ্ন করে 'রামের' পদটিকে খুঁজে পাওয়া যায়না। তাই 'রামের' শব্দটির সঙ্গে ক্রিয়ার কোনো সরাসরি সম্পর্ক নেই। বরং যদি 'ভাই' পদটিকে প্রশ্ন করি যে — কার ভাই? তাহলে সহজেই উত্তর আসে 'রামের'। ফলে, বোঝা গেল এখানে ভাইয়ের সঙ্গে রামের সম্পর্ক আছে; 'যায়' ক্রিয়ার সঙ্গে ভাইয়ের কোনো সরাসরি সম্পর্ক নেই। যেহেতু ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই তাই 'রামের' হলো একটি সম্বন্ধ পদ।

চেনার সহজ উপায় :

• সম্বন্ধ পদের শেষে 'র' বা 'এর' বিভক্তি যুক্ত থাকে। যেমন - মাঠের (মাঠ + এর), নদীর (নদী + র)।

​• যখনই কোনো শব্দের শেষে 'র' বা 'এর' থাকবে এবং সেটি ক্রিয়ার সাথে সম্পর্কিত থাকবেনা, তখনই নিশ্চিতভাবে বলা যাবে সেটি সম্বন্ধ পদ।

• বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদটিকে যদি 'কার?' বা 'কিসের?' দিয়ে প্রশ্ন করা হয়, তবে যে উত্তর পাওয়া যাবে সেটি সম্বন্ধ পদ হবে। যেমন - গাছের ফল মিষ্টি।

​প্রশ্ন : কিসের ফল? উত্তর: গাছের। এখানে 'গাছের' হলো সম্বন্ধ পদ।

২. সম্বোধন পদ : ডাকার ভঙ্গি

​​'সম্বোধন' শব্দটির অর্থই হলো আহ্বান করা বা ডাকা। কাউকে ডাকতে বা সম্বোধন করতে যে পদ ব্যবহৃত হয় তাকে সম্বোধন পদ বলে। এই পদের মাধ্যমে বক্তা কারো দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু সেই পদের সঙ্গে ক্রিয়ার কোনো সরাসরি সম্পর্ক তৈরি হয় না।

উদাহরণ : কিরে ভাই, এই দুপুরবেলা মাঠে যাচ্ছিস?

বুঝে দেখি : এখানে 'ভাই' বলে একজনকে সম্বোধন করা হচ্ছে। 'যাচ্ছিস' ক্রিয়াটির সঙ্গে 'ভাই' পদের সরাসরি ব্যাকরণগত সম্পর্ক নেই। ক্রিয়াকে নিয়ে যদি প্রশ্ন করা যায়  - কোথায় যাচ্ছিস? কখন যাচ্ছিস? তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্ট উত্তর পাওয়া যায়, কিন্তু সে উত্তরে কখনোই 'ভাই' আসেনা। সুতরাং 'ভাই' পদটির সঙ্গে ক্রিয়ার সম্পর্ক নেই। 'ভাই' হলো অকারক সম্বোধন পদ। 

এখানে প্রশ্ন আসতে পারে - এই বাক্যে কর্তা কে? ভাই কি কর্তা নয়? না, ভাই কর্তা নয়।এই বাক্যে কর্তা উহা আছে। ভাইয়ের পরে একটা 'তুই' বসিয়ে যদি বাক্যটি এইভাবে লেখা যায়- ভাই, তুই এই দুপুরবেলা মাঠে যাচ্ছিস? তাহলে সম্বোধন পদ 'ভাই' এবং কর্তৃপদ (কর্তৃ কারক) 'তুই' কে খুঁজে পেতে বা বুঝে নিতে অসুবিধে হয়না।

চেনার সহজ উপায় :

▪︎ সম্বোধন পদের আগে সাধারণত ওরে, কিরে, ওগো, হে, ওহে, ওরে— এই জাতীয় অব্যয় পদগুলো বসে। কোনো অব্যয় ছাড়াও কেবল নাম ধরে ডাকলেও সেটি সম্বোধন পদ হয়।

• সম্বোধন পদের ঠিক পরেই একটি কমা ( , ) চিহ্ন ব্যবহৃত হয়। যেমন: 'মা, আমায় একটি গল্প বলো।

• সম্বোধন পদে সাধারণত কোনো বিভক্তি থাকে না, অর্থাৎ শূন্য (অ) বিভক্তি হয়। 

এক নজরে সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য :

​এই দুটি অকারক পদের নাম খুব কাছাকাছি হওয়ায় অনেকেই গুলিয়ে ফেলে। নিচের চার্টটিতে এদের মূল তফাতগুলো দেখে নেওয়া যাক : 

তুলনার বিষয় সম্বন্ধ পদ সম্বোধন পদ
মূল কাজ অন্য নামপদের সাথে সম্পর্ক বা অধিকার বোঝায়। কাউকে আহ্বান করা বা দৃষ্টি আকর্ষণ করা বোঝায়।
বিভক্তি শব্দের শেষে সাধারণত 'র' বা 'এর' থাকে। সাধারণত কোনো বিভক্তি থাকে না (শূন্য বিভক্তি)।
অব্যয় পদের আগে আলাদা কোনো অব্যয় লাগে না। পদের আগে প্রায়ই হে, ওগো, ওহে, ওরে বসে।
যতিচিহ্ন কোনো বিশেষ চিহ্নের প্রয়োজন হয় না। পদের ঠিক পরেই সবসময় কমা ( , ) বসে
উদাহরণ এটি আমাদের, বাড়ি।মা, আমায় একটু জল দাও।

কেন অকারক পদ চেনা আমাদের জন্য জরুরি?

​অনেকে মনে করতে পারেন, ব্যাকরণের এই সূক্ষ্ম নিয়মগুলো জেনে আমাদের কী লাভ? আসলে প্রমিত বাংলা ভাষা চর্চায় এবং বাক্য গঠনে এই পদের গুরুত্ব অপরিসীম। আমরা যখন কাউকে সম্বোধন করে কিছু বলি বা লিখি, তখন সম্বোধন পদের পর কমা ( , ) না দিলে বাক্যের গঠনশৈলী ব্যাকরণগতভাবে দুর্বল দেখায়। আবার বাক্যে কোনো কিছুর উৎস, উপাদান বা অধিকার প্রকাশ করতে সম্বন্ধ পদ আমাদের অনবরত সাহায্য করে (যেমন: "মাটির পুতুল" বা "শিক্ষকের উপদেশ")। এরা সরাসরি ক্রিয়া না করলেও বাক্যের অর্থকে পূর্ণতা দেয়।

উপসংহার

​অকারক পদগুলো বাক্যের মূল ক্রিয়ার কাজে সরাসরি অংশগ্রহণ না করলেও, এরা বাক্যের সৌন্দর্য বাড়ায় এবং বিভিন্ন পদের মধ্যে চমৎকার সেতুবন্ধ তৈরি করে। সম্বন্ধ পদ ছাড়া যেমন আমরা কোনো কিছুর ওপর অধিকার বা মালিকানা প্রকাশ করতে পারি না, ঠিক তেমনই সম্বোধন পদ ছাড়া কাউকে সম্মানের সাথে আহ্বান করা অসম্ভব। আশা করি, আজকের এই বিস্তারিত আলোচনার পর অকারক পদ (সম্বন্ধ ও সম্বোধন) বুঝতে এবং চিনতে কোনোই সমস্যা হবেনা। 

আরো পড়ুন ⤵️

কারক কাকে বলে? একটি বাক্যে সব কারক!

অন্য প্রসঙ্গ ⤵️

শব্দের গল্প  : আমাদের চশমা 👓


মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সিঙারা রহস্য : পাথর নাকি আমিষ?

বিকেলের আড্ডায় ধোঁয়া ওঠা চায়ের কাপের সাথে একটি গরম সিঙারা না হলে ঠিক জমে না। কিন্তু আপনারা কি জানেন, যাকে আমরা আপাদমস্তক বাঙালি খাবার বলে মনে করি, সেই সিঙারার জন্ম কিন্তু এই বাংলায় নয়, এমনকি ভারতের মাটিতেও নয়! আজ আপনাদের শোনাব আমাদের প্রিয় সিঙারার হাজার বছরের পুরনো এক রোমাঞ্চকর ইতিহাস।

এক কাপ ধোঁয়া ওঠা চা এবং প্লেটে রাখা চারটি মুচমুচে সিঙারার ছবি - শব্দের গল্প সিরিজ
পারস্যের 'সংবোসাগ' থেকে বাংলার 'সিঙারা'— এক বিবর্তনের সফরনামা।

বানান বিতর্ক : সিঙ্গারা না সিঙারা?

​আমরা অনেকে যাকে 'সিঙারা' লিখি বা বলি, অনেকে আবার তাকেই বলেন 'সিঙ্গারা'। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী, শব্দের মধ্যে যেখানে 'ঙ' ব্যবহার করা সম্ভব, সেখানে 'ঙ' ব্যবহার করাই বিধেয়। তাই শুদ্ধ বানানচর্চায় 'সিঙারা' লেখাটিই সঠিক এবং আধুনিক। তবে অনেক আগে থেকে 'সিঙ্গারা' বানানটি প্রচলিত থাকায় এটিও ভুল নয়।

নামের আদি উৎস ও 'পাথর' রহস্য

​ সিঙারার আদি জন্মভূমি কিন্তু বাংলা বা ভারত নয়, বরং পারস্য (বর্তমান ইরান) এবং মধ্য এশিয়া। এর প্রাচীন নাম ছিল ফারসি শব্দ 'সংবোসাগ' (Sanbosag)।

ফারসি ভাষায় 'সং' (Sang) মানে হলো পাথর

​আর 'বোসাগ' মানে হলো তৃপ্তিদায়ক কোনো খাবার বা পিঠে

প্রাচীনকালে এই খাবারটি তন্দুরে বা উনুনে এমনভাবে সেঁকা হতো যে এর বাইরের আবরণটি পাথরের মতো শক্ত এবং মুচমুচে হতো। সেই বিশেষ দৃঢ় গড়নের কারণেই রূপক অর্থে একে পাথরের সাথে তুলনা করে 'সংবোসাগ' বলা হতো। এখান থেকেই হিন্দিতে প্রচলিত 'সামসা'। এখানে আরো একটি মজার বিতর্ক আছে। অনেকে তিন কোণা আকৃতির জন্য সিঙারাকে 'তিন' সংখ্যার সাথে মেলাতে চান। কিন্তু ফারসি ভাষায় 'তিন' হলো 'সে' (যেমন: সেতার), 'সং' নয়।

সংস্কৃত যোগ :

ভারতবর্ষে আসার পর এ দেশের পণ্ডিতরা বা সংস্কৃত অনুরাগী সমাজ এর তিন কোণা আকৃতি দেখে এর একটি সংস্কৃত নাম দেন 'শৃঙ্গাটক' (তিনটি শৃঙ্গ বা শিং যুক্ত একটি জলজ ফল, যা পানিফল নামে পরিচিত)। এই 'শৃঙ্গাটক' শব্দ থেকেই বিবর্তিত হয়ে বাংলায় 'শিঙাড়া' বানানটিও প্রচলিত হয়েছিল। অর্থাৎ, খাবারটি এসেছিল বাইরে থেকে, আর এ দেশে এসে আকৃতি অনুযায়ী একটি গালভরা সংস্কৃত নাম পেয়েছে। যাইহোক, ফারসি এবং সংস্কৃত— এই দুইয়ের মেলবন্ধনেই আজ জন্ম নিয়েছে আমাদের প্রাণের 'সিঙারা'।

আদিতে এটি ছিল পুরোদস্তুর আমিষ!

​অবাক করা তথ্য হলেও সত্যি যে, আদিতে সিঙারা কিন্তু নিরামিষ ছিল না। মধ্য এশিয়ার যাযাবর এবং শিকারিদের প্রিয় এই খাবারে আলুর বদলে থাকত মাংসের কিমা, পেঁয়াজ এবং শুকনো ফলের (যেমন কিশমিশ বা বাদাম) ঠাসা পুর। এটি অনেকক্ষণ ভালো থাকত বলে দীর্ঘ ভ্রমণের সময় মানুষ এটি সাথে রাখত। আজকের এই নিরামিষ আলুর সিঙারা বিবর্তিত হতে হতে সাধারণের প্রিয় হয়েছে, কিন্তু এর জন্ম হয়েছিল পারস্যের রাজকীয় পরিবেশে। চতুর্দশ শতাব্দীতে ভারত ভ্রমণে আসা ইবনে বতুতা দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের রাজদরবারে এই মাংসের কিমা ভরা সিঙারার স্বাদের কথা তাঁর ডায়েরিতে লিখে গেছেন। পারসিক ঐতিহাসিক আবুল-ফজল বায়হাকি, আমির খসরু-র মতো রাজকবিদের লেখায় সিঙারার (সাম্বুসা) উল্লেখ পাওয়া যায়।

ভারতে এসে নিরামিষ রূপান্তর :

​মধ্য এশিয়া থেকে ভারতে আসার পর এখানকার মানুষের রুচি ও ধর্মীয় সংস্কৃতির সাথে তাল মিলিয়ে সিঙারার ভোল বদলে গেল। এ দেশে এসে এটি হয়ে গেল পুরোপুরি নিরামিষ। বিশেষ করে পর্তুগিজদের হাত ধরে ভারতে যখন আলু জনপ্রিয় হলো, তখন সিঙারার ভেতরের মাংসের জায়গা দখল করে নিল মশলাদার আলু আর মটরশুঁটি। এই বিবর্তনের ফলেই আমরা আজকের এই পরিচিত স্বাদটি পেয়েছি।

স্বাদের ভিন্নতা : সিঙারা যখন মিষ্টি!

​সিঙারার এই দীর্ঘ সফরে কেবল আলুর দম বা মাংসের কিমা নয়, ভাগ বসিয়েছে মিষ্টি ক্ষীরও।

ক্ষীরের সিঙারা : বাঙালির ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয়। এখানে ময়দার খোলসের ভেতরে থাকে এলাচ দেওয়া ঘন ক্ষীর বা ছানার পুর।

বিজয়ার সিঙারা : অনেক জায়গায় বিজয়া দশমীর বিশেষ জলখাবার হিসেবে চিনি বা গুড়ের রসে ডোবানো ছোট ছোট 'মিষ্টি সিঙারা' দেওয়ার চল আছে।

পরিশেষে :

​পারস্যের সেই পাথুরে আমিষ 'সংবোসাগ' আজ আমাদের পাড়ার মোড়ের পরিচিত নিরামিষ 'সিঙারা'। খাবার সহ শব্দের এই দেশান্তর আর বিবর্তনের গল্প সত্যিই চমকে দেবার মতো।

আরো পড়ুন ⤵️

শব্দের গল্প : ব্লাউজ (Blouse)

শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রয়োগ বিভ্রাট : চারপাশের বানান ও ব্যাকরণ (১ম পর্ব)

উৎসাহী বাংলাভাষা অনুরাগী ও শিক্ষার্থী বন্ধুরা,      

আমরা তো বইয়ের পাতায় কারক-বিভক্তি, সমাস অথবা বানানের নিয়ম মুখস্থ করি। কিন্তু এটা বোধহয় অনেকেরই অজানা যে, আমাদের চারপাশের রাস্তাঘাট, দোকান বা বিজ্ঞাপনের সাইনবোর্ডগুলোও হতে পারে আমাদের বানান ও ব্যাকরণ শেখার জ্যান্ত পাঠশালা! আসলে অজ্ঞতা বা সতর্কতার অভাবে সেখানে অনেক ভুলভ্রান্তি থেকে যায়, যেগুলো সচেতনভাবে খুঁজে নিয়ে চর্চা করলেই শুদ্ধ ও অশুদ্ধের পার্থক্য বোঝা অনেক সহজ হয়।

আজ এখানে এমনই একটি সাইনবোর্ড প্রদর্শন করছি, যেখানে সামান্য অসতর্কতায় পুরো বিষয়টিই ভুলের ঝুড়িতে পরিণত হয়েছে।

জুয়েলারি দোকানের বিজ্ঞাপনে ব্যাকরণের ভুল ও সঠিক বানানের বিশ্লেষণ - পিণ্টু স্যারের সহজ বাংলা।
পাঠ্যবইয়ের বাইরে আমাদের প্রাত্যহিক জীবনে ব্যাকরণ ও বানানের ভুল প্রয়োগ কীভাবে আমাদের বিভ্রান্ত করে—তার এক জ্যান্ত উদাহরণ!

১. অবিভাজ্য পদের বিভাজন :

সাইনবোর্ডটিতে লেখা আছে : "শিব দুর্গা জুয়েলারি" এবং নিচে "প্রস্তুত কারক- অসীম কর্মকার"।
বিভ্রাট : ব্যাকরণ অনুযায়ী 'শিবদুর্গা' একটি সমাসবদ্ধ পদ (দ্বন্দ্ব সমাস) এবং 'প্রস্তুতকারক' একটি অবিভাজ্য শব্দ (Compound word)। এই ধরণের শব্দগুলো সবসময় একসাথে বসে, এদের মাঝে কোনো ফাঁক (Space) রাখা অশুদ্ধ।
​কিন্তু পোস্টারটিতে 'শিব' ও 'দুর্গা' এবং 'প্রস্তুত' ও 'কারক' শব্দগুলোর মাঝে অনাকাঙ্ক্ষিত শূন্যস্থান ব্যবহার করা হয়েছে। এই ধরণের পদ-বিভাজন কেবল দৃষ্টিকটু নয়, ব্যাকরণগতভাবেও একটি বড় ত্রুটি। 
শুদ্ধ প্রয়োগ হবে— 'শিবদুর্গা' এবং 'প্রস্তুতকারক'।

২. হ্রস্ব-উ আর দীর্ঘ-ঊ কারের অদলবদল :

​সবচেয়ে চমৎকার ভুলটি হয়েছে 'দুর্গা' এবং 'রূপা' বানান দুটিতে। যেটিতে যা হওয়ার কথা, ঠিক তার উল্টোটি করা হয়েছে :

দুর্গা : ছবিতে লেখা আছে 'দূর্গা' (দীর্ঘ-ঊ কার দিয়ে)। কিন্তু তৎসম শব্দ হিসেবে এর শুদ্ধ বানান হলো 'দুর্গা' (হ্রস্ব-উ কার)।

রূপা : এটি তৎসম শব্দ 'রূপ্য' থেকে বিবর্তিত একটি তদ্ভব শব্দ। নিয়ম অনুযায়ী এর শুদ্ধ বানান 'রূপা' (দীর্ঘ-ঊ কার)। কিন্তু ছবিতে লেখা হয়েছে হ্রস্ব-উ কার দিয়ে!

৩. বিদেশি শব্দের বানান বিধি :

​সাইনবোর্ডে 'গ্রীল', 'ষ্টীল' এবং 'জুয়েলারী' শব্দগুলো লেখা হয়েছে দীর্ঘ-ঈ কার ও 'ষ' দিয়ে।

নিয়ম : বাংলা একাডেমি ও প্রমিত বানানের নিয়ম অনুযায়ী, ইংরেজি বা বিদেশি শব্দে কখনো 'দীর্ঘ-ঈ' (\bar{i}) বা 'মূর্ধন্য ষ' (ṣ) হয় না।

সংশোধন : সঠিক বানানগুলো হবে যথাক্রমে— গ্রিল, স্টিল এবং জুয়েলারি।

৪. 'তৈরি' বনাম 'তৈরী' :

​একইভাবে, আধুনিক প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী ক্রিয়াপদ বা বিশেষণে ই-কার ব্যবহারের রীতি এসেছে। তাই 'তৈরী' নয়, শুদ্ধ হবে 'তৈরি'।

এক নজরে শুদ্ধিপত্র :

ভুল প্রয়োগ সঠিক বানান কেন ভুল? (যুক্তি)
শিব দুর্গা / প্রস্তুত কারক শিবদুর্গা / প্রস্তুতকারক অবিভাজ্য পদে বা সমাসবদ্ধ পদের মাঝে স্পেস হবে না।
দূর্গা দুর্গা তৎসম শব্দে হ্রস্ব-উ হয়।
রুপা রূপা তদ্ভব শব্দ হলেও দীর্ঘ-ঊ প্রচলিত।
গ্রীল / ষ্টীল গ্রিল / স্টিল বিদেশি শব্দে ঈ-কার বা 'ষ' হয় না।
জুয়েলারী / তৈরী জুয়েলারি / তৈরি আধুনিক নিয়মে ই-কার শুদ্ধ।
পরিশেষে :

আমরা যারা নিয়মিত শিখছি বা ভাষার শুদ্ধ প্রয়োগ চাই, তাদের উচিত রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ দুটো শুধু সামনের দিকে নয়, রাস্তার দু-পাশের সাইনবোর্ড বা বড় বড় হোর্ডিংগুলোর দিকেও রাখা। সেখানে ব্যবহৃত ভুল বানান এবং ব্যাকরণগত ত্রুটিগুলোই আমাদের সঠিকটা শিখতে সাহায্য করবে। ভাষার শুদ্ধতা রক্ষা করা যে কতটা জরুরি—তা অনুধাবন করতে পারলেই আমাদের এই জ্যান্ত পাঠশালায় শেখা সার্থক হবে।



রবিবার, ৩ মে, ২০২৬

শব্দের গল্প : ব্লাউজ (Blouse)

 আমাদের প্রাত্যহিক জীবনের খুব পরিচিত একটি পোশাক ‘ব্লাউজ’। তবে, শব্দটি এবং পোশাকটি যে রূপে আজ আমরা দেখছি, তার পথ চলা শুরু হয়েছিল কয়েক-শ বছর আগে, একেবারে অন্য এক উদ্দেশ্যে? জেনে নেওয়া যাক 'ব্লাউজ' শব্দ এবং বস্তুটির সেই রোমাঞ্চকর ইতিহাস।

১. শব্দের উৎস - ফরাসি থেকে বাংলা :

সাধারণ ধারণায় মনে হতে পারে 'ব্লাউজ' বুঝি ইংরেজি শব্দ। আসলে এর মূল উৎস হলো ফরাসি শব্দ 'Blouse'। ১৮শ শতাব্দীর দিকে ফ্রান্সে কৃষক, শ্রমিক বা শিল্পীরা তাদের মূল পোশাককে ধুলোবালি ও ময়লা থেকে বাঁচাতে ওপর থেকে একটি ঢিলেঢালা আবরণ পরতেন। সেই বিশেষ আবরণটিকেই বলা হতো ‘ব্লাউজ’। মজার বিষয় হলো, শুরুতে এটি কোনো মেয়েলি পোশাক ছিল না; বরং পুরুষ শ্রমিকদের কাজের পোশাক হিসেবেই এর পরিচিতি ছিল।

একটি তিন ভাগে বিভক্ত ছবি যা ব্লাউজের বিবর্তন দেখায়: বামে ফরাসি কৃষক, মাঝে ঠাকুরবাড়ির জ্ঞানদানন্দিনী দেবী এবং ডানে হীরা-রত্নখচিত আধুনিক লাল রঙের বিলাসবহুল ব্লাউজ।
ব্লাউজ : আদি প্রয়োজন থেকে বর্তমান বিলাসিতা।

২. বাঙালির অঙ্গে ব্লাউজ ও ঠাকুরবাড়ি :

বাঙালি নারীকে এই আধুনিক পোশাকের সাথে পরিচয় করিয়ে দেন ঠাকুরবাড়ির মেজো বউ জ্ঞানদানন্দিনী দেবী (সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী)। আগেকার দিনে বাংলার নারীরা সাধারণত কোনো ব্লাউজ ছাড়াই শাড়ি পরতেন। জ্ঞানদানন্দিনী দেবী ইংরেজ ও পার্শি নারীদের পোশাকের আদলে শাড়ির সাথে মানানসই 'জ্যাকেট' বা 'ব্লাউজ' পরার চল শুরু করেন। শুরুর দিকে একে অনেকে 'জ্যাকেট' বা 'বডি' বলতেন, কিন্তু শেষ পর্যন্ত 'ব্লাউজ' শব্দটিই বাংলা শব্দভাণ্ডারে স্থায়ী আসন গেড়ে নেয়।

৩. সামান্য থেকে অসামান্য - বিলাসিতার সংক্ষিপ্ত রূপ :

​শ্রমিকদের সেই অতি সাধারণ আবরণটি আজ শিল্প ও আভিজাত্যের চূড়ান্ত নিদর্শনে পরিণত হয়েছে। বর্তমানে (ইং-২০২৬ খ্রি:) বিশেষ বিশেষ ক্ষেত্রে এর কারুকার্য এতটাই বহুমূল্য হয়ে দাঁড়িয়েছে যে, একটি একক ব্লাউজের দাম কয়েক লক্ষ টাকা বা কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে। বিশেষ করে ভারতের আম্বানি পরিবার বা বিশ্বখ্যাত ডিজাইনারদের তৈরি রত্নখচিত ও স্বর্ণের তারের (জারদৌসি) কাজ করা ব্লাউজগুলোর মূল্য অনেক সময় ২০ থেকে ৫০ লক্ষ টাকা (প্রায় ২১,০০০ - ৫৩,০০০ মার্কিন ডলার) ছাড়িয়ে যায়—যা একটি বিলাসবহুল ফ্ল্যাট বা গাড়ির দামকেও হার মানায়।

৪. শেষকথা :

শ্রমিক-সাধারণের ধুলোবালি থেকে বাঁচার সেই সাধারণ ঢিলেঢালা আবরণ আজ কয়েক কোটি টাকার বিলাসদ্রব্যে পরিণত হয়েছে। শব্দের এই বিবর্তন আমাদের শেখায় যে, সময়ের সাথে সাথে কেবল মানুষের রুচি নয়, একটি অতি সামান্য বস্তুর পরিচয়ও কীভাবে অসামান্য হয়ে উঠতে পারে।

আরো পড়ুন।⤵️

শব্দের গল্প : পাউরুটি আর বনরুটি 

শুক্রবার, ১ মে, ২০২৬

কারক চেনার সহজ পাঠ : অপাদান-অধিকরণ-নিমিত্ত (তৃতীয় ও শেষ পর্ব)

 নমস্কার,

​'পিন্টু স্যারের সহজ বাংলা' ব্লগে সকলকে স্বাগত। আগের দুটি পর্বে আমরা দেখেছি কীভাবে একটিমাত্র বাক্যের সাহায্যে ছয়টি কারককে চিহ্নিত করা যায় এবং আমরা কর্তৃ, কর্ম ও করণ কারককে বিস্তারিত চিনেছি। কারক সিরিজের শেষ পর্বে আমরা বাকি তিনটি গুরুত্বপূর্ণ সদস্য— অপাদান, অধিকরণ এবং নিমিত্ত কারককে খুব সহজভাবে চিনে নেব। এই আলোচনাটি পড়লে কারক নির্ণয়ের বাকি দ্বিধাটুকুও দূর হয়ে যাবে।

৪. অপাদান কারক (Ablative Case):

সহজ কথা : যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

চেনার কৌশল : ক্রিয়াকে ‘কোথা হতে/থেকে ’ বা ‘কী হতে/থেকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটিই হলো অপাদান কারক।

উদাহরণ : “পুরোহিতমশাই থালা হতে পুষ্প নিবেদন করেন।” (এখানে প্রশ্ন: কোথা হতে নিবেদন করেন? – উত্তর : থালা হতে, সুতরাং ‘থালা হতে’ হলো অপাদান কারক)।

বিশেষ বিষয় : অপাদান কারকে অনেক সময় ‘হতে’, ‘থেকে’, ‘চেয়ে’ ইত্যাদি অনুসর্গ (৫মী বিভক্তি হিসেবে) থাকে। তবে, অনুসর্গ ছাড়াও কেবল শূন্য বিভক্তি দিয়েও অপাদান কারক হতে পারে। যেমন— "ট্রেন স্টেশন ছাড়লো"। এখানে কোনো অনুসর্গ না থাকলেও স্থান থেকে বিচ্যুত হওয়া বোঝাচ্ছে বলে 'স্টেশন' অপাদান কারক।

৫. অধিকরণ কারক (Locative Case):

সহজ কথা : ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান/বিষয়) অধিকরণ কারক বলে।

চেনার কৌশল : ক্রিয়াকে ‘কোথায়’ বা ‘কখন’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, তাই হলো অধিকরণ কারক।

উদাহরণ : “পুরোহিতমশাই প্রতিদিন ভোরে দেবালয়ে পুষ্প নিবেদন করেন।” (এখানে প্রশ্ন : কখন ও কোথায় নিবেদন করেন? – উত্তর : প্রতিদিন ভোরে ও দেবালয়ে, সুতরাং এগুলো অধিকরণ কারক)।

বিশেষ বিষয় : অধিকরণ কারক তিন প্রকার— কালাধিকরণ (সময় বোঝাতে), আধারধিকরণ (স্থান এবং বিষয় বোঝাতে) এবং ভাবাধিকরণ (একটি ক্রিয়া অন্য ক্রিয়ার কারণ বা ভাব বোঝাতে)।

৬. নিমিত্ত কারক (Benefactive Case):

সহজ কথা : যখন কোনো কিছুর জন্য বা কারও উদ্দেশ্যে কোনো কাজ করা হয় এবং তার ওপর কোনো স্বত্ব থাকে না, তাকে নিমিত্ত কারক বলে।

চেনার কৌশল : ক্রিয়াকে ‘কার জন্য’ বা ‘কিসের নিমিত্ত/উদ্দেশ্যে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটিই হবে নিমিত্ত কারক।

উদাহরণ : “পুরোহিতমশাই দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করেন।” (এখানে প্রশ্ন : কার উদ্দেশ্যে নিবেদন করেন? – উত্তর : দেবতার উদ্দেশ্যে, সুতরাং ‘দেবতার উদ্দেশ্যে’ হলো নিমিত্ত কারক)।

বিশেষ বিষয় : কখনো কখনো ক্রিয়াকে 'কাকে' দিয়ে প্রশ্ন করলেও নিমিত্ত কারক পাওয়া যেতে পারে। মনে রাখতে হবে, যেখানে কোনো স্বার্থ ত্যাগ করে দান বা উদ্দেশ্য বোঝায়, সেখানেই নিমিত্ত কারক হয়। 

সহজ ছবি ও ছকে কারক চেনা (ছাত্রছাত্রীদের জন্য): 

কারক চেনার উপায় (প্রশ্ন) উত্তর (উদাহরণ থেকে)
অপাদান কারক কোথা হতে? থালা হতে
অধিকরণ কারক কোথায় / কখন? দেবালয়ে / প্রতিদিন ভোরে
নিমিত্ত কারক কার উদ্দেশ্যে? দেবতার উদ্দেশ্যে
একটি রঙিন গ্রাফিক চিত্রে ৬টি কারকের উদাহরণ দেখানো হয়েছে। মাঝে একজন পুরোহিত মন্দিরে দেবতাকে ফুল নিবেদন করছেন এবং চারপাশে কর্তৃ, কর্ম, করণ, অপাদান, অধিকরণ ও নিমিত্ত কারকের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। নিচে 'পিন্টু স্যারের সহজ বাংলা' লেখা।
ছবিতে কারক চেনা 
সবশেষে :

​তিনটি পর্বের এই আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে বাংলা ব্যাকরণের কারক নির্ণয়ের নিয়মগুলো একটিমাত্র বাক্যের ‘ম্যাজিক’ দিয়ে সহজে আয়ত্ত করা যায়। আশা করি, এই সিরিজটি পড়ার পর কারক নির্ণয়ে সকল সংশয় দূর হবে।

কারক কাকে বলে, কারক নির্ণয়ের সহজ কৌশল ইত্যাদি গোড়া থেকে জানতে ক্লিক করুন ⤵️ 

কারক চেনার সহজ পাঠ - একটি বাক্যেই ছয়টি কারক (প্রথম পর্ব)

প্রয়োগ বিভ্রাট : চারপাশের বানান ও ব্যাকরণ (২য় পর্ব)

উৎসাহী বাংলাভাষা অনুরাগী ও শিক্ষার্থী বন্ধুরা, ​আগের পর্বে আমরা একটি জুয়েলারির সাইনবোডের সাধারণ কিছু অসাবধানতা ও বানান বিভ্রাট নিয়ে আলোচনা ক...