সোশ্যাল মিডিয়ার দেওয়ালে স্ক্রোল করতে করতে প্রতিদিন আমাদের চোখে এমন কতশত বাংলা লেখা পড়ে, যা দেখে কখনো হাসি পায়, আবার কখনো একটু খটকাও লাগে। সম্প্রতি একটি স্থানীয় ফেসবুক গ্রুপে এমনই একটি পোস্ট নজরে এলো। পোস্টটি ছিল এইরকম— "পুরোনো খারাপ Tv বিক্রি আছে ২টো যোগা যোগ করুন এই নাম্বারে..."।
| ফেসবুকের একটি স্থানীয় গ্রুপে বাংলা বানানের প্রয়োগ বিভ্রাট। |
খুব সাধারণ একটি বিজ্ঞাপন। যিনি পোস্ট করেছেন, তিনি দুটি নষ্ট হয়ে যাওয়া টেলিভিশন বিক্রি করতে চান। কিন্তু সাধারণ ব্যাকরণ ও বানানের দিক থেকে এই দুটি লাইনের মধ্যে তিনটি ছোটখাটো ভুল বা বিভ্রাট রয়েছে। চলুন, একদম সহজ করে সেগুলো দেখে নেওয়া যাক:
১. বিশেষ্য ও বিশেষণের সমস্যা (প্রয়োগ বিভ্রাট)
বিজ্ঞাপনে লেখা হয়েছে— "Tv বিক্রি আছে"।
এখানে মূল সমস্যাটি হলো পদের ব্যবহার। 'বিক্রি' হলো একটি বিশেষ্য পদ। কোনো জড় বস্তুর অবস্থা বোঝাতে বিশেষ্য পদের বদলে বিশেষণ পদ ব্যবহার করা উচিত।
যেমন— আমরা চলতি কথায় "সাইকেল বিক্রি আছে" বা "টিভি বিক্রি আছে" বললে "বিক্রির জন্য রাখা আছে" এই ভাবটা সহজে বুঝে নিলেও, লেখার সময় বিশেষ্য-বিশেষণের এই সমস্যাটি শুধরে নেওয়া ভালো।
শুদ্ধ রূপ : এখানে বিশেষণ পদ ব্যবহার করে "টিভিটি বিক্রেয়" বলা যায়। যদিও অতি অব্যবহারের ফলে 'বিক্রেয়' কথাটা আমাদের কানে বেমানান লাগতে পারে, সেক্ষেত্রে বাক্যটি ঘুরিয়ে "টিভিটি বিক্রি করা হবে" বা "বিক্রির জন্য আছে" এমন কিছু লিখলেই সমস্যাটি মিটে যায়।
২. 'যোগাযোগ' যখন ভেঙে দুই টুকরো (বানান বিভ্রাট)
পোস্টটির দ্বিতীয় লাইনে লেখা হয়েছে — "যোগা যোগ করুন"।
এটি একটি টাইপিংয়ের ভুল বা অসতর্কতাবশত ঘটা বানান বিভ্রাট। বাংলা ভাষায় 'যোগাযোগ' একটি অখণ্ড বা একক শব্দ, যার অর্থ সংযোগ স্থাপন করা বা কনট্যাক্ট (Contact) করা। কীবোর্ডের অসতর্ক ব্যবহারে শব্দটির মাঝখানে একটি 'স্পেস' (Space) পড়ে যাওয়ায় এটি 'যোগা' এবং 'যোগ'—এই দুই ভাগে ভাগ হয়ে গেছে।
আর এই এক স্পেসের চক্করেই তৈরি হয়েছে এক মস্ত কৌতুকপূর্ণ বিভ্রান্তি! আলাদা করে দেখলে 'যোগা' শব্দের অর্থ হলো যোগব্যায়াম বা যোগাভ্যাস (Yoga)। আর 'যোগ করুন' শব্দের অর্থ হলো যুক্ত করা বা প্লাস (Plus) করা। ফলে পুরো বাক্যটি পড়ে মনে হচ্ছে, বিজ্ঞাপনে নষ্ট টিভি বিক্রির পাশাপাশি পাঠককে হঠাৎ করে 'যোগব্যায়াম যুক্ত করতে' বলা হচ্ছে! কীবোর্ডের একটিমাত্র স্পেস কীভাবে সংযোগ করার আসল অর্থটি বদলে দিয়ে 'ব্যায়াম' করার অর্থ তৈরি করে দেয়, এই পোস্টটি তার একটি জ্বলন্ত উদাহরণ। তাই শব্দটিকে সবসময় একসাথে করে 'যোগাযোগ' লিখতে হবে।
৩. বিরাম চিহ্নের অভাব (যতি চিহ্ন বিভ্রাট)
বিজ্ঞাপনটিতে কোথাও কোনো কমা (,), দাড়ি (।) বা কোলন (:) চিহ্ন ব্যবহার করা হয়নি। বিরাম চিহ্ন না থাকায় তিনটি আলাদা তথ্য একসঙ্গে গুলিয়ে গেছে এবং পড়তে গেলে মনে হয় বাক্যটি কোথাও না থেমে ছুটে চলেছে।
সবশেষে শুদ্ধ ও গোছানো রূপটি কেমন হওয়া উচিত?
সব ভুল শুধরে নিয়ে বিজ্ঞাপনটি এভাবে লিখলে দেখতে সুন্দর, সংক্ষিপ্ত ও পেশাদার লাগে :
"দুটি পুরোনো খারাপ টিভি বিক্রি করা হবে। আগ্রহীরা এই নম্বরে যোগাযোগ করুন: ☆☆☆☆☆☆7395।"
---‐-----------‐---
আরো দেখুন 👇
● প্রয়োগ বিভ্রাট: খবরের কাগজের পাতায় ভুলভ্রান্তি !
● শব্দের গল্প : পুরুষের গায়ে ব্লাউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার সুচিন্তিত মতামত বা প্রশ্ন এখানে জানাতে পারেন। গঠনমূলক এবং জানার আগ্রহে আলোচনা কাম্য।